ইউরোপপ্রবাস

কানাডার ভিসার নামে প্রতারণা করলেই ১৫ লাখ ডলার জরিমানা!

কানাডায় অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ দেওয়ার নামে প্রতারণা, জালিয়াতি এবং অনিয়ম ঠেকাতে কঠোর আর্থিক জরিমানার বিধান কার্যকর করেছে দেশটির ফেডারেল সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন বা নাগরিকত্ব বিষয়ে পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ৫ হাজার ডলার ভিত্তিমূল্যের জরিমানার মুখে পড়তে হবে।

অন্যদিকে, আবেদনকারীর পক্ষে জেনে শুনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা এ ধরনের কাজে সহায়তা করলে ভিত্তিমূল্যের জরিমানা ১৫ হাজার ডলার।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে নতুন বিধান কার্যকর হয়েছে। অপরাধের ধরন, গুরুত্ব এবং সংশ্লিষ্ট ব্যক্তির আগের অনিয়মের ইতিহাস বিবেচনায় জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

সব মিলিয়ে একটি নোটিশে সর্বোচ্চ ১৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। অনিয়মের মাধ্যমে কেউ আর্থিক সুবিধা অর্জন করলে সেই অর্থও জরিমানার সঙ্গে যুক্ত হতে পারে।

নতুন এই বিধান শুধু অনুমোদনহীন বা ভুয়া অভিবাসন পরামর্শকদের জন্য নয়। কানাডায় লাইসেন্সধারী ইমিগ্রেশন কনসালট্যান্ট, আইনজীবী এবং অন্যান্য অনুমোদিত প্রতিনিধিদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

এমনকি কানাডার বাইরে অবস্থান করে কেউ অর্থের বিনিময়ে দেশটির অভিবাসন বা নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলেও আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

নতুন নিয়মে যেসব কাজ অপরাধ হিসেবে বিবেচিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে—অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসনসংক্রান্ত পরামর্শ দেওয়া, আবেদনকারীর কাছ থেকে জেনেশুনে ভুল বা অসম্পূর্ণ তথ্য সংগ্রহ করা, মিথ্যা তথ্য দিয়ে আবেদন তৈরি করা এবং আবেদনকারীকে ভুল তথ্য দিতে উৎসাহিত করা।

এ ছাড়া আইআরসিসির তদন্তের প্রয়োজনে চাওয়া নথিপত্র বা প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করলেও ১০ হাজার ডলারের ভিত্তিমূল্যের জরিমানা হতে পারে।

জরিমানা নির্ধারণের ক্ষেত্রে শুধু অপরাধের ধরন নয়, এর ফলে কতটা ক্ষতি হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি কী পরিমাণ আর্থিক সুবিধা পেয়েছেন এবং অতীতে একই ধরনের অপরাধ করেছেন কি না, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।

বারবার আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ বাড়বে। একই ব্যক্তি একাধিকবার অনিয়ম করলে প্রতিটি লঙ্ঘনের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া হতে পারে।

নতুন বিধানের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, আইন লঙ্ঘনের দায়ে জরিমানার মুখে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ২০২৭ সালে আইআরসিসির ওয়েবসাইটে একটি অনলাইন তালিকা বা নিবন্ধনব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, কী ধরনের আইন লঙ্ঘন করা হয়েছে, জরিমানার পরিমাণ এবং তা পরিশোধ করা হয়েছে কি না এসব তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে বৈধভাবে কাজের ভিসা পাওয়া সহজ?

এর ফলে কানাডায় অভিবাসনপ্রত্যাশীরা কোনো পরামর্শক বা প্রতিনিধির বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ পাবেন।

তবে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করা হবে না। আইআরসিসি তদন্তের পর প্রাথমিক নোটিশ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের মধ্যে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন।

পরবর্তী সময়ে জরিমানার চূড়ান্ত নোটিশ দেওয়া হলে তিনি ৩০ দিনের মধ্যে স্বাধীন পর্যালোচকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

কানাডা সরকারের লক্ষ্য হলো, অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণা ও ভুল পরামর্শের কারণে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা এবং দেশটির অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা।

নতুন বিধান কার্যকর হওয়ায় কানাডায় অভিবাসন বা নাগরিকত্বের আবেদন করতে আগ্রহীদের পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার আগে তার পেশাগত অনুমোদন ও লাইসেন্স যাচাই করার পরামর্শ দিয়েছে আইআরসিসি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button