প্রবাসী কার্ডের নামে টাকা হাতানোর ফাঁদ, বড় সতর্কবার্তা দিল মন্ত্রণালয়
প্রবাসী বাংলাদেশিদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি ‘প্রবাসী কার্ড’। এমনকি কার্ডটির আবেদন গ্রহণও শুরু হয়নি।
তবে এরই মধ্যে কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র।
পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের এমন অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কার্ডটি চালুর লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। ফলে কার্ডের জন্য আবেদন নেওয়ার কার্যক্রমও শুরু হয়নি।
মন্ত্রণালয় বলছে, এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ও বিদেশে সক্রিয় কিছু অসাধু ব্যক্তি এবং দালাল চক্র প্রবাসী কার্ড নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে কার্ডের সঙ্গে পেনশন সুবিধা পাওয়ার কথা বলে এবং দ্রুত কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।
এ অবস্থায় প্রবাসী কার্ডের নামে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর আবেদন করার নিয়ম, কারা কার্ড পাওয়ার যোগ্য এবং এর মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে এসব বিষয়ে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
তাই সরকারি ঘোষণা প্রকাশের আগে কার্ডের আবেদন, দ্রুত সরবরাহ কিংবা বিশেষ সুবিধা দেওয়ার নামে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা সাবধান! নিজের রেসিডেন্সি আইডি অন্যকে দিলেই বিপদ
এ ছাড়া কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রবাসী কার্ডের নামে অর্থ আদায়ের কোনো ঘটনা জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
প্রবাসী কার্ড নিয়ে কোনো তথ্য বা অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেইল: dsservice@probashi.gov.bd।
এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের সঙ্গে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেইল: aps2minister@probashi.gov.bd।



