প্রবাস

ওমান প্রবাসীরা সাবধান! নিজের রেসিডেন্সি আইডি অন্যকে দিলেই বিপদ

ওমানে প্রবাসী কর্মীদের নিজেদের রেসিডেন্সি কার্ড বা পরিচয়পত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

চাকরির চুক্তি অনুমোদনের জন্য নিজের সিভিল আইডি কার্ড নিয়োগকর্তা বা অন্য কারও হাতে তুলে না দিয়ে অনলাইনে নিজেই চুক্তি যাচাই ও অনুমোদন করতে বলেছে কর্তৃপক্ষ।

গত ৫ নভেম্বর (২০২৬) দেওয়া এক পরামর্শে ওমানের শ্রম মন্ত্রণালয় জানায়, কর্মীদের চাকরির চুক্তি অনুমোদনের প্রক্রিয়া নিজেরাই সম্পন্ন করা উচিত। এ জন্য অন্য কারও কাছে পরিচয়পত্র দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিচয়পত্র নিজের কাছে রেখে অনলাইনে চুক্তির তথ্য যাচাই ও অনুমোদন করতে হবে।

ওমানভিত্তিক সংবাদমাধ্যম ওমান অবজারভার জানায়, ভুয়া কর্মসংস্থান ও পরিচয়সংক্রান্ত অনিয়ম ঠেকানোর পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত তথ্য এবং চাকরির অধিকার সুরক্ষার লক্ষ্যেই এ সতর্কতা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তা কর্মীর জন্য অনলাইনে চাকরির চুক্তি নিবন্ধন করার পর কর্মী নিজে সেটি দেখে অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবেন।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিভিল আইডি কার্ড অথবা ইলেকট্রনিক পরিচয় যাচাই-সুবিধাসম্পন্ন মোবাইল ফোনের মাধ্যমে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। চুক্তির শর্ত যাচাই করে সম্মতি দেওয়ার পর নিয়োগকর্তা পরবর্তী ধাপ সম্পন্ন করবেন।

এদিকে ওমানের আইনেও অন্যকে নিজের পরিচয়পত্র ব্যবহার করতে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির সিভিল স্ট্যাটাস আইন অনুযায়ী, নিজের কার্ড অন্য কাউকে ব্যবহারের জন্য দেওয়া, ব্যবহার করতে সহায়তা করা কিংবা জামানত হিসেবে রাখার সুযোগ করে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫০০ ওমানি রিয়াল জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুনঃ সৌদিতে মাদক চোরাচালানের দায়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

তাই ওমানে কর্মরত বাংলাদেশিসহ সব প্রবাসীর উচিত নিজের রেসিডেন্সি কার্ড ও ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য নিরাপদে রাখা।

চাকরির চুক্তি অনুমোদনের ক্ষেত্রে কারও হাতে কার্ড তুলে না দিয়ে নিজে অনলাইনে চুক্তির শর্তগুলো ভালোভাবে যাচাই করতে হবে। কোনো শর্ত বুঝতে অসুবিধা হলে অনুমোদনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য পরামর্শকের সহায়তা নেওয়া উচিত।

প্রবাসীদের মনে রাখতে হবে, চাকরির চুক্তিতে সম্মতি দেওয়ার অর্থ এর শর্তগুলো মেনে নেওয়া। তাই না বুঝে বা অন্যের কথায় চুক্তি অনুমোদন না করে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button