পরিবারের ভাগ্য বদলাতে মালদ্বীপ, মাত্র আড়াই মাসেই শেষ প্রবাসজীবন!
পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং স্বজনদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন ফেনীর আবদুল্লাহ আল মামুন (৩৯)।
বিদেশে নতুন কর্মজীবন শুরু করেছিলেন মাত্র আড়াই মাস আগে। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
নিহত আবদুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মোকছদার রহমান।
স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, মালদ্বীপের ধীগুরা দ্বীপের একটি রেস্তোরাঁয় কিচেন হেলপার হিসেবে কাজ করতেন মামুন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কর্মস্থলে দায়িত্ব পালন করার সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। একই সঙ্গে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন পাওয়ার পর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মামুনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ সকালে দেশে ফিরে বিকেলেই দুবাইপ্রবাসীর মৃত্যু
দ্রুত মরদেহ দেশে পাঠানোর পাশাপাশি সরকারি আর্থিক সহায়তা পাওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
বর্তমানে মামুনের মরদেহ মালদ্বীপের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দেশে ফেরানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার।
মাত্র আড়াই মাস আগে নতুন জীবনের আশায় দেশ ছেড়েছিলেন মামুন। পরিবারের অভাব দূর করে স্বজনদের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, তা আর পূরণ হলো না।
তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



