বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, দ্বিতীয় দফায় মনোনীত আরও ৭০ বাংলাদেশি
মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে চাহিদাপত্র পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
এ কর্মসূচির আওতায় দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
শনিবার (১৪ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি জানান, সরকারের লক্ষ্য অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বোয়েসেল নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে নিরাপদ, সুশৃঙ্খল, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া থেকে ১১২ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর গত ৫ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ৬ নভেম্বর সকাল ১০টায়, যা চলে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও সব আবেদনকারীর সমান সুযোগ নিশ্চিত করতে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়।
এতে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশন অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিলড ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করা হবে।
এ জন্য গত ১২ নভেম্বর সাক্ষাৎকার নেওয়া হয়। তবে নির্ধারিতসংখ্যক প্রার্থী উপস্থিত না হওয়ায় প্রয়োজনীয়সংখ্যক কর্মী বাছাইয়ে জটিলতা তৈরি হয়।
এ বিষয়ে রাশেদুল হক জানান, মালয়েশিয়ার নিয়োগকর্তার অনুরোধে আগে লটারিতে নির্বাচিত ৩০০ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ৩ হাজার ৭২৯ জন আবেদনকারীর মধ্য থেকে নতুন করে ৭০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমও আগের মতো ফেসবুক লাইভসহ গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে সম্পন্ন করা হবে।
বোয়েসেলের এমডি বলেন, এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় যেতে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না।
কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বোয়েসেলও নিয়োগকর্তা কিংবা কর্মীর কাছ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল
তিনি এ উদ্যোগের মূলনীতি হিসেবে ‘জিরো মিনস জিরো’ উল্লেখ করে বলেন, ১০ হাজার কর্মী পাঠানোর বৃহত্তর কর্মসূচিতেও শূন্য অভিবাসন ব্যয়ের নীতি বজায় রাখতে চায় বোয়েসেল। অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে রাশেদুল হক বলেন, কোনো মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ জন্য প্রার্থীদের দালাল ও মধ্যস্বত্বভোগীদের সঙ্গে সব ধরনের অনৈতিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি এ উদ্যোগের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, সরকারের এ উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করার পথ আরও সুগম হবে।



