প্রবাসমালয়েশিয়া

খাটের নিচে লুকিয়েও পার পাচ্ছে না কেউ, বাংলাদেশীসহ আটক ৩৮

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করেছে দেশটির সরকার।

দেশটির বিভিন্ন রাজ্যে আবাসিক ভবন, শ্রমিকদের আবাসস্থল, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলে নিয়মিত তল্লাশি চালাচ্ছে অভিবাসন বিভাগ।

অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে কেউ কেউ খাটের নিচে কিংবা বিভিন্ন সংকীর্ণ স্থানে লুকানোর চেষ্টা করলেও কর্মকর্তাদের চোখ এড়াতে পারছেন না।

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

তবে ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত তথ্যে অভিযানের সংখ্যা ও আটকের পরিমাণ আরও বেশি বলে জানানো হয়েছে।

ওই তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

এ হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিন গড়ে আটক হয়েছেন ২২৮ জনের বেশি বিদেশি নাগরিক।

সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)। ৩ টি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পরিচালিত এসব অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক অভিযানের সময় নিজেদের আড়াল করতে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিলেন।

তাঁদের একজন খাটের নিচে আশ্রয় নেন। তবে কর্মকর্তারা তাঁর অবস্থান শনাক্ত করে সেখান থেকে বের করে আনেন।

বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মোট ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের মধ্যে ৩৪ জনকে আটক করা হয়।

আমপং এলাকার কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৮ জন মিয়ানমারের, একজন ইন্দোনেশিয়ার এবং একজন ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।

কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ (জেএআইএস), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের (এমবিএসএ) কর্মকর্তারাও অংশ নেন।

এ সময় অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। সেখানে ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাঁদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

আরও পড়ুনঃ ফ্ল্যাট-হোটেলে পুলিশের হানা, মালয়েশিয়ায় অভিযানে গ্রেপ্তার শতাধিক বিদেশি

 

তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা পাননি।

অভিযানের পর বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অভিবাসন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে তা প্রকাশ না করে বিভাগের নির্ধারিত সরকারি যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে মালয়েশিয়া সরকার। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন।

এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। পাশাপাশি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি ও বিমানের টিকিট জমা দিতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

তবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে।

সব মিলিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান কিংবা অনুমতিপত্রের শর্ত ভঙ্গ করলে যেকোনো সময় গ্রেফতারের ঝুঁকি রয়েছে।

একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ বা তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button