২১ দিন নিখোঁজের পর সন্ধান, ইউক্রেন যুদ্ধে মাইনে আহত বাংলাদেশি রাজন
মৃত্যুর শঙ্কা কাটিয়ে বেঁচে ফিরলেন রাজন

টানা ২১ দিন কোনো খোঁজ ছিল না। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আসেনি কোনো বার্তা। ইউক্রেনের যুদ্ধের ভয়াবহ ফ্রন্টলাইনে গিয়ে বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন কোথায় হারিয়ে গেলেন, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল স্বজনদের।
তিনি বেঁচে আছেন, নাকি যুদ্ধে প্রাণ হারিয়েছেন—এ নিয়ে দেখা দিয়েছিল নানা শঙ্কা। অবশেষে নিজেই বেঁচে থাকার খবর দিয়েছেন রাজন। তবে যুদ্ধের ময়দানে স্থলমাইনের বিস্ফোরণে আহত হয়েছেন তিনি।
গত বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত মো. রাজন হোসাইন। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ পরে দেওয়া এক দীর্ঘ বার্তায় যুদ্ধের ময়দানে আহত হওয়ার পর বেঁচে থাকার অভিজ্ঞতা এবং দেশবাসীর ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।
বার্তায় রাজন জানান, যুদ্ধের ময়দানে মাইনে আহত হলেও মহান আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। তার মতো একজন সাধারণ মানুষের জন্য দেশের অসংখ্য মানুষের দোয়া, ভালোবাসা ও খোঁজখবর নেওয়ার বিষয়টি তাকে আবেগাপ্লুত করেছে। যারা তার জন্য দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে দ্রুত সুস্থ হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন রাজন। এ জন্য দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন তিনি। রাজনের ভাষায়, মানুষের ভালোবাসা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করতে পারবেন না। ব্যক্তিগতভাবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব না হলেও প্রত্যেকের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা, এতে বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রাণহানির ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়েও সতর্কবার্তা দিয়ে আসছিলেন।
গত ১৯ অক্টোবর যুদ্ধের ফ্রন্টলাইনে যাওয়ার আগে প্রকাশিত এক ভিডিওবার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রাজন। তখন সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফেরার আশাবাদও জানিয়েছিলেন তিনি। তবে ওই ভিডিও প্রকাশের পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর আশঙ্কার খবর।
দীর্ঘ ২১ দিনের অনিশ্চয়তা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বেঁচে থাকার খবর জানিয়েছেন রাজন। তবে স্থলমাইনের বিস্ফোরণে আহত হওয়ার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। এখন তাদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে নিরাপদে দেশে ফিরবেন এই বাংলাদেশি যুবক।



