কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার কিংবা অনলাইনের জন্য কনটেন্ট তৈরি করলে কঠোর আইনি জটিলতায় পড়তে হবে চালকদের।
সড়কে এ ধরনের কর্মকাণ্ড বাড়তে থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তলব করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ।
সোমবার (১৬ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির জেনারেল ট্রাফিক বিভাগের সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার খালেদ আল-আদওয়ানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ চালকের নিজের পাশাপাশি অন্য গাড়ির চালক ও পথচারীদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে।
কুয়েতের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করে ভিডিও করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের প্রবণতা বেড়েছে। বিষয়টি সড়ক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রিগেডিয়ার খালেদ আল-আদওয়ানি জানান, সড়কে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা নিয়মিত এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। যাঁদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের শনাক্ত করে তলব করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া অপরাধ শনাক্ত ও সংশ্লিষ্ট চালকদের চিহ্নিত করতে নজরদারি ক্যামেরার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে শুধু সরাসরি দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নজরেই নয়, ক্যামেরার মাধ্যমেও এ ধরনের অনিয়ম ধরা পড়তে পারে।
কুয়েতে ২০২৫ সালে সংশোধিত ট্রাফিক আইন কার্যকর হওয়ার পর গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন ব্যবহার এবং রাস্তা থেকে মনোযোগ সরিয়ে অন্য কাজে ব্যস্ত থাকার শাস্তি বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ সৌদিতে হাজার হাজার প্রবাসীর ভিসা বাতিল! বাড়ছে উদ্বেগ
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত জরিমানার তালিকা অনুযায়ী, গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন ব্যবহার করলে তাৎক্ষণিক নিষ্পত্তির জরিমানা ৭৫ কুয়েতি দিনার।
আর অভিযোগ আদালতে পাঠানো হলে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড অথবা ১৫০ থেকে ৩০০ দিনার জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
এ ছাড়া ট্রাফিক আইনে নির্ধারিত কোনো অপরাধ সংঘটনের সময় যোগাযোগের যন্ত্র ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ কিংবা তা প্রকাশের জন্য আলাদা শাস্তির বিধান রয়েছে।
এ ক্ষেত্রে ১ হাজার থেকে ২ হাজার কুয়েতি দিনার পর্যন্ত জরিমানার কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিধানটি সব ধরনের ভিডিও ধারণের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়; আইন অনুযায়ী ট্রাফিক অপরাধ সংঘটনের সময় ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রকাশের বিষয়টি এর আওতায় পড়ে।
কুয়েতে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পেশায় গাড়ি চালানোর সঙ্গে যুক্ত। ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি কিংবা পেশাগত কাজে গাড়ি ব্যবহার করেন এমন প্রবাসীদেরও দেশটির ট্রাফিক আইন মেনে চলতে হবে।
গাড়ি চলন্ত অবস্থায় ফোন হাতে নিয়ে কথা বলা, ভিডিও ধারণ, লাইভ করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজন হলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে ফোন ব্যবহার করতে হবে।
ট্রাফিক বিভাগের বার্তায় স্পষ্ট, অনলাইনে কনটেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের জন্য সড়কে ঝুঁকিপূর্ণ আচরণ করলে ছাড় দেওয়া হবে না।
দুর্ঘটনা এড়াতে চালকদের পুরো মনোযোগ সড়কের দিকে রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।




একটি মন্তব্য