চাকরির আশায় মিশরে গিয়ে বিপদে ১৫ বাংলাদেশি, পাসপোর্টও ফেরত পাচ্ছেন না
মিশরের পোর্ট সাঈদ শহরের একটি পোশাক কারখানায় কাজ করার সময় ১৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে দেশটিতে বৈধ অনুমতি ছাড়া কাজ করা ও বসবাসের অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে আটক ব্যক্তিরা শহরের ‘জুনুব আওয়াল’ বা প্রথম দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।
আটক শ্রমিকদের দাবি, তাঁরা যে কারখানায় কাজ করতেন, সেখানকার কর্তৃপক্ষ তাঁদের পাসপোর্ট নিজেদের জিম্মায় রেখেছে।
দীর্ঘদিনের বেতন ও অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি। এ পরিস্থিতিতে পাসপোর্ট ফেরত পাওয়া এবং বকেয়া অর্থ আদায়ের জন্য পুলিশের কাছে সহায়তা চেয়েছেন তাঁরা। পাশাপাশি কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চেয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া লিখিত আবেদনে শ্রমিকেরা তাঁদের পাসপোর্ট ও পাওনা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযোগের নিষ্পত্তি ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার আবেদনও করেছেন তাঁরা।
আটক ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সাইদুল ইসলাম, সোহাগ, সজিব হোসেন, ইদ্রিস আলী, সাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানভীর হাসান, শফিকুল ইসলাম, ময়ানুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক বাবু, রবিউল ইসলাম, হাবিবুর রহমান ও এনামুল ইসলাম। অপর একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আটক শ্রমিকদের কয়েকজনকে মিশরে নিয়ে আসার পেছনে মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে নড়াইলের চারজনসহ কয়েকজনকে কায়রোর আবুর এলাকায় বসবাসকারী হৃদয় নামের এক ব্যক্তি মিশরে এনেছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ ছাড়া কায়রোর মার্গ এলাকায় বসবাসকারী নারায়ণগঞ্জের ইরন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে বাংলাদেশিদের মিশর ও তুরস্কের পোশাক কারখানায় কাজ দেওয়ার আশ্বাসে নিয়ে আসার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইরন জানান, তিনি স্ত্রী, সন্তান ও ভাইকে নিয়ে বৈধভাবে ইল-মার্গ এলাকায় বসবাস করছেন।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার আড়ালে অবৈধ চাকরি! নজরদারিতে বাংলাদেশিরা
অনেক বাংলাদেশি তাঁর কাছে মিশরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন। তাঁদের অন-অ্যারাইভাল ভিসায় মিশরে নিয়ে আসার পর চাকরির ব্যবস্থা করে দেন বলেও দাবি করেন তিনি।
অবৈধভাবে লোক আনার অভিযোগ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি একা নই। শত শত মানুষ হাজার হাজার লোক আনছে। আমি আনলে দোষ কী?’
মিশরে প্রবেশের জন্য অন-অ্যারাইভাল বা আগমনী ভিসা পাওয়া আর দেশটিতে বৈধভাবে চাকরি করার অনুমতি পাওয়া এক বিষয় নয়।
ভ্রমণের ভিসা, বসবাসের অনুমতি এবং কাজের অনুমতি আলাদা আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। তাই কোনো ব্যক্তিকে চাকরির উদ্দেশ্যে মিশরে নেওয়ার আগে তাঁর বৈধ কর্মসংস্থানের অনুমতি নিশ্চিত করা জরুরি।
কায়রোতে বাংলাদেশ দূতাবাসের সূত্র জানিয়েছে, ২০১৫ সাল থেকে মিশরে বাংলাদেশি নাগরিকদের সাধারণভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে।
তবে দেশটির পোশাকশিল্পে বাংলাদেশি কর্মীদের চাহিদার কারণে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কিছু ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় কাজের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই সুযোগ মূলত ২০২৩ সালের আগে মিশরে আসা ব্যক্তিদের মধ্যে সীমিত।
মিশরের শ্রম আইনেও বিদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে। ২০২৫ সালের শ্রম আইন ১৪-এর ৭১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়ার্ক পারমিট এবং কাজের উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ ও বসবাসের বৈধ অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিকের কাজ করার সুযোগ নেই।
একইভাবে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো নিয়োগকর্তাও বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন না।
মিশরে কাজের অনুমতি ও কর্মসংস্থানসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে কায়রোর বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ফলে শুধু ভিজিট বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করে চাকরি শুরু করলে অভিবাসন ও শ্রম আইনসংক্রান্ত জটিলতায় পড়ার ঝুঁকি থাকে।
মিশরে বাংলাদেশি পোশাকশ্রমিকদের বেতন পরিশোধ না করা এবং পাসপোর্ট নিয়োগকর্তার কাছে আটকে রাখার অভিযোগ আগেও সামনে এসেছে।
গত অক্টোবর মাসে আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত প্রায় ২২০ বাংলাদেশি শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া থাকার অভিযোগ প্রকাশিত হয়। একই ঘটনায় ১৬০ জনের বেশি শ্রমিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগও ওঠে।
ওই শ্রমিকেরাও বেতন, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। পোর্ট সাঈদের সর্বশেষ ঘটনা এবং আলেকজান্দ্রিয়ার আগের অভিযোগ দুটিই মিশরে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া, বৈধ কাগজপত্র এবং শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।
বিদেশে চাকরির জন্য যাওয়ার আগে কর্মীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের পরিচয়, ভিসার ধরন, লিখিত চুক্তি, নির্ধারিত বেতন ও কাজের পরিবেশ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পাশাপাশি সংশ্লিষ্ট দেশে কাজ করার বৈধ অনুমতি রয়েছে কি না, সেটিও যাচাই করা জরুরি। কোনো মধ্যস্থতাকারীর মৌখিক আশ্বাস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনের ওপর নির্ভর করে টাকা দেওয়া বা বিদেশযাত্রার সিদ্ধান্ত নেওয়া বিপদের কারণ হতে পারে।
বিশেষ করে ভিজিট বা পর্যটন ভিসায় গিয়ে চাকরি করার প্রস্তাব পেলে সতর্ক থাকা উচিত। কাজের বৈধ অনুমতি না থাকলে সংশ্লিষ্ট দেশের আইনে আটক, জরিমানা, দেশে ফেরত পাঠানো কিংবা ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
পোর্ট সাঈদে আটক ১৫ বাংলাদেশির বিষয়ে এখন সবচেয়ে জরুরি হলো তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ তদন্ত, পাসপোর্ট ফেরত পেতে সহায়তা, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ের উদ্যোগ এবং তাঁদের আইনি অবস্থান নিশ্চিত করা। এ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক ও কনস্যুলার তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



