ইউরোপপ্রবাস

কানাডার পিআর নিয়ে বড় ঘোষণা, বাংলাদেশিরা কি পাবেন এই সুযোগ?

কানাডায় দীর্ঘদিন ধরে বাস করছেন, কাজ করছেন কিংবা স্থায়ী বসবাসের আবেদনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এমন অভিবাসীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বাসিন্দা (পিআর) করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। প্রথম শ্রেণিতে থাকবেন কানাডায় কর্মরত অভিবাসী ও তাঁদের পরিবারের যোগ্য সদস্যরা।

দ্বিতীয় শ্রেণিতে বিবেচিত হবেন মানবিক ও পারিবারিক কারণে দীর্ঘদিন ধরে স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা ব্যক্তিরা।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে।

সরকারের লক্ষ্য, নতুন করে বিপুলসংখ্যক অভিবাসী দেশে আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাস করছেন এবং অর্থনীতি ও সমাজে অবদান রাখছেন এমন ব্যক্তিদের স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করা।

বিশেষ উদ্যোগের প্রথম অংশে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে কর্মরত সর্বোচ্চ ১ লাখ অভিবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে।

এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মী বাছাই করা হবে। স্থানীয় শ্রমবাজারে যেসব দক্ষতার চাহিদা রয়েছে, সেসব বিবেচনায় নিয়ে যোগ্য কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ দিতে পারবে সংশ্লিষ্ট সরকারগুলো।

এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি)। অতিরিক্ত সুযোগের আওতায় প্রদেশ ও অঞ্চলগুলোকে আরও বেশি কর্মী মনোনয়নের সুযোগ দেওয়া হবে।

পাশাপাশি নির্দিষ্ট কিছু ফেডারেল অভিবাসন কর্মসূচিতে আগে থেকেই আবেদন করেছেন, এমন কর্মীদেরও বিবেচনায় নেওয়া হবে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য নির্ধারিত কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পাইলট কর্মসূচি এবং হোম কেয়ার ওয়ার্কার কর্মসূচি।

তবে এই সুযোগ কানাডায় কর্মরত সব বিদেশি নাগরিকের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না। নির্দিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা, প্রাদেশিক চাহিদা এবং সরকারের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

বিশেষ উদ্যোগের দ্বিতীয় অংশে মানবিক ও পারিবারিক বিবেচনায় কানাডায় আগে থেকেই অবস্থান করছেন এমন সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ তালিকায় দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ কয়েকটি নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

এর মধ্যে রয়েছে:

  • হংকংয়ের নাগরিক: কানাডায় স্থায়ী বসবাসের নির্দিষ্ট কর্মসূচিতে আবেদন করে এখনো সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা।
  • ইউক্রেনীয় নাগরিকদের পরিবার: ইউক্রেন ফ্যামিলি রিইউনিফিকেশন পাথওয়ের আওতায় আবেদন করা ব্যক্তিরা।
  • মানবিক বিবেচনায় অনুমোদিত আবেদনকারী: যাঁদের স্থায়ী বসবাসের আবেদন মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগতভাবে গ্রহণযোগ্য বলে নির্ধারিত হয়েছে।
  • পরিবার পুনর্মিলন: কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী বা স্ত্রী, জীবনসঙ্গী এবং নির্ভরশীল সন্তান, যাঁরা দেশটিতে অবস্থান করছেন।

সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের কর্মসূচিতে জমা পড়া অবশিষ্ট আবেদনগুলো নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে পিআর দেওয়ার লক্ষ্য রয়েছে। ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির ক্ষেত্রে এ সংখ্যা সর্বোচ্চ ১৮ হাজার ৮০০।

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার আড়ালে অবৈধ চাকরি! নজরদারিতে বাংলাদেশিরা

এ ছাড়া মানবিক বিবেচনায় স্থায়ী বসবাসের জন্য যোগ্য বলে ইতিমধ্যে নির্ধারিত সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানকে এ উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব সংখ্যা সংশ্লিষ্ট শ্রেণির সম্ভাব্য সর্বোচ্চ হিসাব; পুরো মানবিক উদ্যোগের সীমা সর্বোচ্চ ১ লাখ মানুষ।

কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে দেশটির নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার।

২০২৮ ও ২০২৯ সালেও একই লক্ষ্যমাত্রা রাখার পরিকল্পনা রয়েছে। এর বাইরে ২০২৭ সালে বিশেষ উদ্যোগের মাধ্যমে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের আবেদন নিষ্পত্তির জন্য অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে।

অর্থাৎ, নিয়মিত লক্ষ্যমাত্রা এবং নতুন বিশেষ উদ্যোগ দুটি পৃথক বিষয়। বিশেষ উদ্যোগের আওতায় থাকা ব্যক্তিরা মূলত কানাডায় আগে থেকেই বসবাস করছেন।

তাঁদের স্থায়ী বাসিন্দায় রূপান্তরের ফলে নতুন করে বিপুলসংখ্যক মানুষের দেশটিতে প্রবেশের প্রয়োজন হবে না।

এ ছাড়া ২০২৬ ও ২০২৭ সালে কানাডায় অবস্থানরত প্রায় ১ লাখ ১৫ হাজার সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁদের নির্ভরশীলদের পাশাপাশি সর্বোচ্চ ৩৩ হাজার কর্মীকে স্থায়ী বাসিন্দা করার জন্য সরকার আগে থেকেই পৃথক এককালীন উদ্যোগ নিয়েছে। নতুন ২ লাখ মানুষের বিশেষ ব্যবস্থাটি ওই উদ্যোগগুলোর বাইরে আলাদা সময়সীমাবদ্ধ পদক্ষেপ।

কানাডা সরকারের ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। বন্ধ হয়ে যাওয়া কর্মসূচিগুলো নতুন করে চালু করা কিংবা সবার জন্য নতুন আবেদন গ্রহণের ঘোষণাও দেওয়া হয়নি।

যাঁরা নির্ধারিত কর্মসূচির আওতায় আগে থেকেই আবেদন করেছেন অথবা ঘোষিত যোগ্যতার মধ্যে রয়েছেন, তাঁদের আবেদন অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

আইআরসিসির নির্দেশনা অনুযায়ী, এই বিশেষ ব্যবস্থার আওতায় থাকা আবেদনকারীদের আলাদা করে নতুন আবেদন জমা দিতে হবে না। আবেদন প্রক্রিয়া দ্রুত করার জন্য সরকারের নির্ধারিত ব্যবস্থাতেই তাঁদের ফাইল বিবেচনা করা হবে।

কানাডায় কর্মরত বাংলাদেশিদের জন্য এই ঘোষণা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করলেও প্রত্যেক কর্মী সরাসরি পিআর পাওয়ার যোগ্য হবেন এমন নয়।

বিশেষ করে যাঁরা প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কিংবা ঘোষিত নির্দিষ্ট ফেডারেল কর্মসূচিতে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে।

তবে সংশ্লিষ্ট কর্মসূচির শর্ত পূরণ এবং প্রাদেশিক বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্বাচনের বিষয়টি গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, শুধু কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন বলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে এই বিশেষ উদ্যোগের আওতায় আসবেন না।

কোন আবেদনকারী কোন শ্রেণিতে বিবেচিত হবেন, তা নির্ভর করবে তাঁর অভিবাসন কর্মসূচি, আবেদনের অবস্থা এবং সরকারের নির্ধারিত যোগ্যতার ওপর।

সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কানাডায় প্রতিষ্ঠিত কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button