প্রবাসসৌদি আরব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী ব্যবসায়ী মামুনের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার প্রবাসী ব্যবসায়ী মামুন গাজী ওরফে হোসাইন। দেশটির আল বিসা এলাকায় জেদ্দা থেকে আবহাগামী সড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পৌঁছানোর পর গ্রামের বাড়ি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দা থেকে আবহা যাওয়ার পথে রিয়াদ সড়কের শেষ প্রান্তে আল বিসা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত মামুন গাজী কুমিল্লার বরুড়া উপজেলার চৌওরী বড় বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ এমরানের ছেলে। দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন তিনি। সেখানে নিজের প্রতিষ্ঠান ‘মামুন মক্তব’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করতেন।

দুর্ঘটনার পর মামুন গাজীর মরদেহ আল বিসা এলাকার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। কাগজপত্রের কাজ শেষ হলে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রবাসে ব্যবসা পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন মামুন গাজী। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদে চৌওরী বড় বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা শোক প্রকাশ করছেন।

কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি প্রবাস ২৪ কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন নিহতের পরিবার চেয়ারম্যানের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে নিকট প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করেছেন।

স্বজন ও এলাকাবাসীর প্রত্যাশা, প্রয়োজনীয় সরকারি ও কূটনৈতিক সহযোগিতায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাঁকে দেখতে পারেন এবং নিজ এলাকায় দাফনের ব্যবস্থা করতে পারেন।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button