ইউরোপপ্রবাস২৪ স্পেশাল

ইউরোপের স্বপ্ন নিয়ে গ্রিসের ক্যাম্পে বন্দি হাজারো বাংলাদেশী

আশ্রয় আবেদন প্রত্যাখ্যানে দেশে ফেরার আতঙ্ক

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ নিয়ে, আবার কেউ সুদের বিনিময়ে লাখ লাখ টাকা সংগ্রহ করে দালালের মাধ্যমে পৌঁছেছিলেন গ্রিসে। কিন্তু স্বপ্নের সেই ইউরোপ এখন তাঁদের অনেকের কাছে অনিশ্চয়তা আর আতঙ্কের নাম।

আশ্রয়ের আবেদন ও আপিল প্রত্যাখ্যান, দেশে ফেরত পাঠানোর আশঙ্কা, ক্যাম্পে মানবেতর জীবনযাপন এবং আইনি সহায়তার অভাবে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাংলাদেশি অভিবাসীরা।

গ্রিসের লেরোসসহ বিভিন্ন ক্যাম্পে প্রায় ১০ হাজার বাংলাদেশি আটকে রয়েছেন বলে দাবি করেছেন সেখানে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি।

তাঁদের দাবি, শুধু লেরোস ক্যাম্পেই রয়েছেন প্রায় এক হাজার বাংলাদেশি। এ ছাড়া হজ্ব ক্যাম্প, সিনতিয়া ক্যাম্প, থামোসসহ বিভিন্ন ক্যাম্পে আরও বাংলাদেশি অবস্থান করছেন। তবে এসব ক্যাম্পে বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

লেরোস ক্যাম্পে প্রায় চার মাস ধরে অবস্থান করছেন বলে জানিয়েছেন নিরব আহসান। ভুক্তভোগী নিরব জানান, আশ্রয়ের আবেদন এবং আপিল—দুটিই প্রত্যাখ্যাত হয়েছে। এখন পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে ৩০ দিনের সময়সীমার কথা জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত আইনজীবী নিয়োগের মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই।

তিমি আরও বলেন, নিজের ভবিষ্যৎ ও পরিস্থিতি সঠিকভাবে ব্যাখ্যা করার ন্যায্য সুযোগ না পেয়েই বাংলাদেশে ফেরত পাঠানোর আশঙ্কায় রয়েছেন তিনি। তাঁর পরিবার আর্থিকভাবে তাঁর ওপর নির্ভরশীল। নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় গ্রিসে এলেও বর্তমানে নিজেকে অসহায় মনে হচ্ছে।

নিরব আহসান বলেন, লেরোস ক্যাম্পে থাকা অন্যান্য বাংলাদেশিরাও একই ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের জন্য আইনি সহায়তা, নিজেদের অধিকার সম্পর্কে স্পষ্ট তথ্য এবং ন্যায্য ও মানবিক আচরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন।

চার মাস ধরে ক্যাম্পে, খাবার ও পানি সংকটের অভিযোগ

লেরোস ক্যাম্পে অবস্থানরত আরেক বাংলাদেশি ভুক্তভোগী দেলোয়ার জানান, সেখানে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন। তাঁদের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ আরও কয়েকটি দেশের নাগরিকও অবস্থান করছেন।

দেলোয়ারের অভিযোগ, ক্যাম্পে প্রতিদিন মাত্র একবার খাবার দেওয়া হয়। দুপুর ২টার দিকে দেওয়া খাবারের পরিমাণও প্রয়োজনের তুলনায় অনেক কম। তাঁর বর্ণনা অনুযায়ী, এক দিনের খাবার হিসেবে দেওয়া হয় দুই মুঠো ভাত, এক মুঠো সিদ্ধ বিচি, একটি পাউরুটি ও এক বোতল পানি। পরদিন একই সময়ে আবার খাবার দেওয়া হয়।

তাঁদের দাবি, ক্যাম্প কর্তৃপক্ষ এই একবারের খাবারকেই তিন বেলার খাবার হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি পানির সংকটও রয়েছে। তবে খাবারের পরিমাণ, সরবরাহ ও পানির পরিস্থিতি নিয়ে ক্যাম্প কর্তৃপক্ষের বক্তব্য স্বাধীনভাবে পাওয়া যায়নি।

দেলোয়ার আরও বলেন, পাকিস্তান ও মিসরের নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে গ্রিস কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে বলে ক্যাম্পে থাকা ব্যক্তিদের মধ্যে আলোচনা রয়েছে। তাঁদের দাবি, ওই দুই দেশের সরকার নিজ দেশের নাগরিকদের ক্যাম্প থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো সরকারি নথি বা সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশি নাগরিকদের বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে চেষ্টা চালানোর কথা জানানো হয়েছে বলে দাবি করেন দেলোয়ার। তবে এখনো কোনো দৃশ্যমান সমাধান পাননি বলে তাঁর অভিযোগ।
দুইবার আশ্রয়ের আবেদন, দুবারই প্রত্যাখ্যান
দেলোয়ার জানান, তিনি দুইবার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। কিন্তু দুইবারই আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তাঁর দাবি, গ্রিসের পুলিশ তাঁদের জানিয়েছে, হয় বাংলাদেশে ফেরত পাঠানো হবে, নয়তো অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।

তবে তাঁদের প্রত্যেকের মামলার সিদ্ধান্ত, প্রত্যাখ্যানের কারণ এবং ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক আদেশ কী অবস্থায় রয়েছে, তা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

এদিকে নিরব আহসানের বক্তব্যে উঠে এসেছে আইনি সহায়তার সংকট। আশ্রয়ের আবেদন ও আপিল প্রত্যাখ্যাত হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সময়সীমা থাকলেও অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে পারছেন না তিনি।

গ্রিসে আশ্রয়প্রার্থীদের আইনি অধিকার কী?

গ্রিসে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আপিলও প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে সিদ্ধান্ত বাতিলের আবেদন করতে পারেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, আপিল প্রত্যাখ্যানের পর সংশ্লিষ্ট প্রশাসনিক প্রথম আদালতে সিদ্ধান্ত বাতিলের আবেদন করার জন্য সাধারণত সিদ্ধান্ত জানানো বা হাতে পাওয়ার পরের দিন থেকে ৩০ দিন সময় থাকে। তবে এই আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কার বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয় না।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রিসের আশ্রয় কর্তৃপক্ষের কাছে আপিল পর্যায়ে বিনা মূল্যে আইনজীবী পাওয়ার ব্যবস্থাও রয়েছে। এ জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আইনি সহায়তার আবেদন করা যায়। ফলে অর্থের অভাবে ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে না পারলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিনা মূল্যের আইনি সহায়তার সুযোগ সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি।

এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত গ্রিসের জাতীয় নিরাপদ-উৎসদেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন দ্রুততর প্রক্রিয়ায় পরীক্ষা করা হতে পারে। তবে বাংলাদেশ তালিকায় থাকলেই প্রত্যেক ব্যক্তির আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিষয়টি এমন নয়। ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা, ঝুঁকি ও মামলার তথ্য বিবেচনার সুযোগ রয়েছে।

১৭ থেকে ৩০ লাখ টাকা খরচ করে গ্রিসে যাওয়ার অভিযোগ

গ্রিসের লেরোস ক্যাম্পে অবস্থানরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ রুবেল মিয়া জানান, দালালের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তিনি। এজন্য ঋণ করে সুদের ওপর টাকা সংগ্রহ করতে হয়েছে তাঁকে।

রুবেলের ভাষ্য, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছাতে তাঁর প্রায় ১৭ লাখ টাকা খরচ হয়েছে। লিবিয়ায় অবস্থানকালে নির্যাতনের শিকারও হয়েছেন বলে প্রবাস২৪-কে জানান তিনি।

রুবেলের দাবি, লেরোস ক্যাম্পে থাকা বাংলাদেশিদের অনেকেই ১৪ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ করে গ্রিসে এসেছেন। তাঁর অভিযোগ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মাদারীপুর ও সিলেটের বিভিন্ন এলাকার মানুষ দালালচক্রের মাধ্যমে এই পথে ইউরোপে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করার পর লিবিয়াসহ বিভিন্ন পর্যায়ে এক দালালের কাছ থেকে আরেক দালালের হাতে অভিবাসীদের তুলে দেওয়া হয়। কয়েকটি ধাপে তাঁদের কেনাবেচার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং বিভিন্ন সময় নির্যাতন করা হয়। তাঁর ভাষ্য, এ চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরাই তাঁদের নিয়ন্ত্রণ করে।

এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দালালচক্র বা অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তবে রুবেলের বর্ণনা অবৈধ অভিবাসনপথে মানবপাচার, প্রতারণা ও নির্যাতনের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।

দেশে ফিরতে চান না অনেকেই, বিকল্প কর্মসংস্থানের দাবি

ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশিদের একটি অংশ দেশে ফিরতে আগ্রহী নন বলে জানিয়েছেন দেলোয়ার ও রুবেল। তাঁদের দাবি, পরিবারের কাছ থেকে ঋণ করে এবং জমিজমা বিক্রি করে তাঁরা বিদেশে এসেছেন। দেশে ফিরে গেলে সেই ঋণ পরিশোধ ও পরিবারের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে।

তাই তাঁদের দাবি, বাংলাদেশ ও গ্রিস সরকার আলোচনার মাধ্যমে তাঁদের জন্য গ্রিসে বৈধভাবে কাজ করার সুযোগ তৈরি করুক। কর্মসংস্থানের ব্যবস্থা হলে তাঁরা বৈধ উপায়ে আয় করে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

ক্যাম্পে থাকা কয়েকজন বাংলাদেশির ভিডিও বার্তায়ও একই ধরনের উদ্বেগ উঠে এসেছে। তাঁদের দাবি, গ্রিস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাংলাদেশে নাগরিকদের জীবনের জন্য সাধারণভাবে কোনো হুমকি নেই—এমন অবস্থান জানানো হয়েছে বলে তাঁদের বলা হয়েছে।

বাংলাদেশ সরকারের কাছে কী চান তাঁরা?

লেরোস ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশিদের মূল দাবি, তাঁদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার যেন গ্রিস সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করে। তাঁরা চান, আইনি সহায়তা নিশ্চিত করা হোক, আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দেওয়া হোক এবং সম্ভব হলে গ্রিসে বৈধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ক্যাম্পে অবস্থান, খাবার ও পানির সংকট, পরিবারের ঋণের বোঝা এবং দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তাঁদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কয়েকজন দেশে ফেরত পাঠানো হলে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের আশঙ্কার কথাও জানিয়েছেন। এমন বক্তব্য তাঁদের অসহায়ত্বের গভীরতা তুলে ধরে। তাঁদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মানবিক ও আইনি সমাধানের অপেক্ষা

গ্রিসের লেরোস ক্যাম্পে থাকা বাংলাদেশিদের অভিযোগ ও দাবিগুলো এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। একদিকে তাঁদের প্রত্যেকের আশ্রয় মামলার আইনি প্রক্রিয়া ও ব্যক্তিগত ঝুঁকি যাচাই করা জরুরি, অন্যদিকে ক্যাম্পে খাবার, পানি, চিকিৎসা ও মানবিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

অবৈধ পথে ইউরোপে যাওয়ার পেছনে দালালচক্রের ভূমিকা এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তদন্তের দাবি রাখে। কারণ, বিদেশে যাওয়ার আশায় ঋণগ্রস্ত হয়ে পড়া এসব মানুষের অনিশ্চিত ভবিষ্যতের পেছনে প্রতারণা ও মানবপাচারের অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button