প্রবাস২৪ স্পেশাল

অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায়, দেড় বছর পর তরুণের মৃত্যু; লাশ ফেরাতে পরিবারের আকুতি

‘ভাই, আমি অসুস্থ, দোয়া কইরেন’—শেষ ফোনের পরই এলো মৃত্যুসংবাদ

পরিবারের অভাব ঘোচাতে এবং উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২০ বছর বয়সী তরুণ মতিউর রহমান নাঈম। কথা ছিল, কম্বোডিয়া হয়ে তাঁকে নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। এ জন্য পরিবারের কাছ থেকে নেওয়া হয় ৫ লাখ টাকা।

কিন্তু অস্ট্রেলিয়ায় যাওয়া তো দূরের কথা, দেড় বছর ধরে কম্বোডিয়ায় অনিশ্চিত জীবন কাটানোর পর সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। এখন ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চান স্বজনেরা। এ জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারটি।

নাঈমের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামে। পরিবারের চার সদস্যের মধ্যে বাবা প্রবাসী, মা গৃহিণী এবং দুই ভাই। বড় ভাই মো. হিফজুর রহমান রেদোয়ান বর্তমানে দুবাইপ্রবাসী। ছোট ভাই মতিউর রহমান নাঈমের বয়স ছিল ২০ বছর।

পরিবারের ভাষ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় নেওয়ার আশ্বাস দিয়ে একই এলাকার জুনায়েদ আহমেদ নামের এক ব্যক্তি নাঈমকে কম্বোডিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন। ছয় মাসের ভ্রমণ ভিসায় নেওয়ার কথা থাকলেও তাঁকে দেওয়া হয় তিন মাসের ভ্রমণ ভিসা। এ জন্য পাঁচ লাখ টাকা চুক্তি হয়েছিল বলে জানিয়েছে পরিবার।

দালালের ভাই নাঈমকে বাড়ি থেকে ঢাকায় বিমানবন্দরে পৌঁছে দেন। নির্ধারিত দিনে ফ্লাইট না হওয়ায় তাঁকে ঢাকায় আরও দুই দিন থাকতে হয়। পরে ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর হয়ে কম্বোডিয়ায় যান তিনি। মালয়েশিয়ায় তিন থেকে চার দিন অবস্থানের পর কম্বোডিয়ার বিমানবন্দরে পৌঁছান নাঈম। কিন্তু সেখানে তাঁকে বোর্ডিং পাস দেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ।

পরিবার জানায়, এক মাসের বেশি সময় কম্বোডিয়ার বিমানবন্দরেই অবস্থান করতে হয় নাঈমকে। পরে দালাল তাঁকে বিমানবন্দর থেকে বের করে শহরে নিয়ে যান। সেখানে দুই দিন নির্মাণশ্রমিকের কাজ দেওয়া হলেও পরে দালাল নাঈমের মাকে ফোন করে জানান, তাঁর ছেলে কাজ করেননি এবং তিনি আর নাঈমের দায়িত্ব নিতে পারবেন না।

পরিবারের দাবি, প্রথম দিকে চার দিনের মতো দালালের কাছে থাকার পর নাঈমকে একা ছেড়ে চলে যান ওই ব্যক্তি। পরে কম্বোডিয়ায় থাকা নাঈমের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়। তিনি নাঈমের বিদেশযাত্রার ক্ষেত্রেও মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

এরপর প্রায় দেড় বছর কম্বোডিয়ায় অবস্থান করেন নাঈম। দেশে ফেরার মতো পরিস্থিতি না থাকায় পরিবারের কাছ থেকে পাঠানো টাকায় খাবার ও অন্যান্য খরচ চালাতে হতো তাঁকে। বড় ভাই হিফজুর রহমান জানান, দেড় বছরে ছোট ভাইয়ের খরচের জন্য তিনি প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন। বিদেশে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা ব্যাংকঋণও নিয়েছিল পরিবার।

গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে অসুস্থতার কথা জানতে পেরে নাঈমের বড় ভাই বিকাশে পাঁচ হাজার টাকা পাঠান হাসপাতালে নেওয়ার জন্য। নাঈমের সঙ্গে থাকা আরেক বাংলাদেশি তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এর আগে বুকব্যথার কথা জানিয়েছিলেন নাঈম। মৃত্যুর আগে হাসপাতালে রক্তবমি করেছিলেন বলেও পরিবারের কাছে তথ্য এসেছে।

ওই দিন রাত আনুমানিক ১২টার দিকে নাঈমের মৃত্যুর খবর বড় ভাই হিফজুর রহমানকে জানান কম্বোডিয়ায় থাকা তাঁদের এক আত্মীয়। পরে নাঈমের সঙ্গে থাকা আরেক বাংলাদেশি তাঁর মৃত্যুসনদ পাঠান পরিবারের কাছে।

নাঈমের মৃত্যুর আগে বড় ভাইয়ের সঙ্গে শেষ কথোপকথন ছিল হৃদয়বিদারক। অসুস্থতার কথা জানিয়ে নাঈম বলেছিলেন, ‘ভাই, আমি অসুস্থ, আমার জন্য দোয়া কইরেন।’ এর আগে ২০২৩ সালে বড় ভাই ছয় বছর দুবাইয়ে থাকার পর দেশে ফিরলে বিমানবন্দরে মাত্র কয়েক মিনিটের জন্য দুই ভাইয়ের দেখা হয়েছিল। সেদিন তাঁদের শেষ কথা ছিল, ‘ভালো থাকিস, আমি চলে যাচ্ছি।’

ছোট ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন নাঈমের মা। পরিবারের সদস্যদের ভাষ্য, ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর ছয় দিন হাসপাতালে ছিলেন তিনি। এখন পরিবারের একটাই চাওয়া—নাঈমের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখা এবং নিজ গ্রামের মাটিতে দাফন করা।

পরিবারের অভিযোগ, একই এলাকার বাসিন্দা জুনায়েদ আহমেদ তাঁদের কাছ থেকে টাকা নিয়ে নাঈমকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁদের দাবি, ওই ব্যক্তি একইভাবে আরও প্রায় ২০ জনকে বিদেশে পাঠিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

কম্বোডিয়ায় নাঈমের মরদেহ আটকে থাকায় তা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবার। ছোট ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছেন বড় ভাই হিফজুর রহমান ও স্বজনেরা।

তাঁদের আকুতি, জীবিত অবস্থায় আর কখনো ভাইয়ের সঙ্গে দেখা হবে না। অন্তত শেষবারের মতো ছোট ভাইয়ের মুখটি দেখতে চান তাঁরা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button