মালয়েশিয়া যেতে সর্বোচ্চ খরচ হবে ২ লাখ টাকা: প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কাজ করতে যেতে বাংলাদেশি কর্মীদের মোট ব্যয় সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে এ ব্যয় মোটামুটিভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রবাসীদের স্বল্প খরচে বিদেশে পাঠানোর বিষয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
সেই আলোচনার মাধ্যমে শ্রমবাজারটি আবারও উন্মুক্ত করতে সরকার সক্ষম হয়েছে। পাশাপাশি কর্মীদের বিদেশ যাওয়ার মোট খরচ যেন সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে থাকে, সে বিষয়েও আলোচনা করে সরকার মোটামুটিভাবে নিশ্চয়তা পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এই অঙ্কের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বা নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এদিকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মীদের নিয়োগসংক্রান্ত ব্যয় নিয়োগকর্তার বহন করার কথা।



