জাতীয়

বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন ডলার সহায়তা

খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে এই অর্থায়ন করা হবে।

এ বিষয়ে সোমবার ৫ অক্টোবর বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এই অর্থের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাস্তবায়ন করা হবে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জঁ পেম স্বাক্ষর করেন।

অর্থ বিভাগ (এফডি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ইআরডির বিজ্ঞপ্তিতে বলা হয়, রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী দামে সার সরবরাহ নিশ্চিত করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলন করা ঋণের অর্থের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। আর অনুত্তোলিত ঋণের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এই ফি থেকে অব্যাহতি দিয়ে আসছে। চলতি অর্থবছরেও কমিটমেন্ট ফি মওকুফ করা হয়েছে।

ঋণটির পাঁচ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। এরপর ২৫ বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী। নতুন এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও জোরালো হলো। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button