জাতীয়

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এ রিট করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদন করার পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করতে পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার।

তবে পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর লটারি পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।

ওই দিনই শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে। শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, আগামী সপ্তাহে এস এম মনিরুজ্জামান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button