
মাত্র ৩০ ডলারে কেনা একটি পুরোনো চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে সাড়ে ১৩ লাখ ডলারে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে ছবিটি কিনেছিলেন এক ট্রেজার হান্টার। বাংলাদেশি মুদ্রায় ৩০ ডলারের দাম তখন ছিল প্রায় ৩ হাজার ৬৮০ টাকা। পরে জানা যায়, ছবিটি ছিল শিকাগোর পরাবাস্তববাদী শিল্পী গারট্রুড অ্যাবারক্রোমবির আঁকা একটি দুর্লভ চিত্রকর্ম।
এস্টেট সেলে অন্য নানা সামগ্রীর সঙ্গে পড়ে থাকা ছবিটি দীর্ঘদিন নিখোঁজ ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্রিম্যানস অকশনসে এটি নিলামে তোলা হয়। সেখানে চিত্রকর্মটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ১৬ কোটি টাকার বেশি।
এই বিক্রির মধ্য দিয়ে অ্যাবারক্রোমবির কোনো শিল্পকর্মের জন্য এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হয়েছে।
চিত্রকর্মটির নাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। ১৯৫১ সালে ছবিটি আঁকেন গারট্রুড অ্যাবারক্রোমবি। নিলামের আগে আয়োজকদের ধারণা ছিল, ছবিটির দাম ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে উঠতে পারে। তবে নিলামে অংশ নেওয়া ক্রেতাদের আগ্রহে সেই ধারণা ছাড়িয়ে যায় দাম। শেষ পর্যন্ত ছবিটি বিক্রি হয় সাড়ে ১৩ লাখ ডলারে।
বিশেষজ্ঞদের ধারণা, ছবিটির সঙ্গে অ্যাবারক্রোমবির জীবনের একটি বিশেষ ঘটনাও জড়িয়ে আছে। ১৯৫২ সালে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে চিকিৎসাসেবার বিনিময়ে ছবিটি উপহার দিয়েছিলেন শিল্পী। এরপর প্রায় ৭৫ বছর ধরে এটি চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।
এত বছর পর পরিবারের সংগ্রহ থেকে বেরিয়ে ছবিটি যখন এস্টেট সেলে যায়, তখন এর প্রকৃত মূল্য সম্পর্কে ধারণা ছিল না। মাত্র ৩০ ডলারে সেটি কিনে নেন ওই ট্রেজার হান্টার। পরে ছবিটির শিল্পী ও ইতিহাস সম্পর্কে তথ্য সামনে আসার পর এর মূল্য সম্পর্কে ধারণাই বদলে যায়।
সবশেষে নিলামে সাড়ে ১৩ লাখ ডলারের বিক্রি সেই ছবিটিকেই গারট্রুড অ্যাবারক্রোমবির সবচেয়ে দামি বিক্রি হওয়া শিল্পকর্মে পরিণত করেছে।



