
জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে শনিবার সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইন সংস্কার ও মেরামতের কাজের জন্য এই ফিডার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মাইকিং করে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানানো হয়।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
১১ কেভি ভিআইপি ফিডারের আওতায় জেলা সেটেলমেন্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশের কার্যালয়, থানা, আদালত, জেনারেল হাসপাতাল ও বিজিবি ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকা রয়েছে।
জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা থাকলেও কাজ দ্রুত শেষ করা গেলে তার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারকাজের জন্য ফিডার বন্ধ রাখা হয়। ছুটির দিন হওয়ায় শনিবার এসব কাজ করার জন্য নির্ধারণ করা হয়েছে।



