
আগের মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে এবার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকার জুলাই আন্দোলনে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এক বছরেরও বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
তবে এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় রুবেল হত্যা মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।



