
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর এটিকে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়ী সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে রিয়াজ হামিদুল্লাহর অবদানের জন্য তাঁকে অভিনন্দনও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের ছবি প্রকাশ করে রিয়াজ হামিদুল্লাহও এক্সে নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থকে ভিত্তি করে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।
কূটনীতির প্রচলিত ধারার বাইরে গিয়ে দুই দেশের মানুষের মধ্যে থাকা সম্পর্কের জায়গাটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
দিল্লিতে প্রায় দেড় বছরের দায়িত্ব শেষে রিয়াজ হামিদুল্লাহ শিগগিরই জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।
তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সম্প্রতি তাঁর নিয়োগপত্র বা ক্রেডেনশিয়ালস আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।
গত দেড় থেকে দুই বছরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেকটা এগোলেও শেষ পর্যন্ত সফরটি হয়নি। তবে সফর আয়োজনের বিষয়ে দুই সরকারের মধ্যে আলোচনা এখনো চলছে বলে জানা যাচ্ছে।
দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, ছুটির দিনে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠককে শুধু বিদায়ী সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখার সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জটিল বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রগুলোর ইঙ্গিত।



