উত্তরাখণ্ডে নিখোঁজ সেই হেলিকপ্টার বিধ্বস্ত, ছিলেন ছয়জন

ভারতের উত্তরাখণ্ডে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। তবে তাঁদের কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে উত্তরাখণ্ডের বদ্রিনাথ থেকে উড্ডয়নের পর জশিমঠ এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টা পর জশিমঠের চিয়েন গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুস্কার সিং ধামি বলেন, জশিমঠের চিয়েন গ্রামের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে। সেখানে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হেলিকপ্টারের আরোহীরা যেন নিরাপদে ফিরে আসেন, সে জন্য প্রার্থনাও করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে দেহরাদুনের উদ্দেশে যাচ্ছিল। এটি পরিচালনা করছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার সময় ওই এলাকায় তুষারপাত হচ্ছিল।
এর আগে গত বছরের জুনে উত্তরাখণ্ডে আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে সেটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান।



