এইচএসসি ও সমমানের ফল আজ, অপেক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ফল প্রকাশের মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।
অনলাইনে eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও নিবন্ধন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে।
গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ করা হবে ৭ নভেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের জন্য শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল ও নিবন্ধন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মুঠোফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন। যে বিষয় বা বিষয়গুলোর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা। দুই পত্রের বিষয়ে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফি পরিশোধ করা যাবে। ফি দেওয়ার পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে আগের নির্বাচন বাতিল করে নতুন বিষয় বেছে নেওয়া যাবে।
তবে একবার ফি পরিশোধ করা হলে আবেদন থেকে কোনো বিষয় বাদ দেওয়ার সুযোগ থাকবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।



