ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কা থেকে বাজারে উদ্বেগ বাড়ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।
বাজারের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এ তেলের দাম ১১৮ ডলারেও পৌঁছায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে প্রায় ২ দশমিক ১ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ১২ ডলারে।
শুধু সাম্প্রতিক লেনদেনেই নয়, গত অক্টোবর মাসজুড়েও বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ঘিরে একের পর এক ঘটনার কারণে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক দিনেই সুপারট্যাংকার ঘিরে চারটি ঘটনা ঘটেছে।
আইআরজিসির দাবি, এসব ঘটনার মধ্যে দুটি তেলবাহী ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।



