জাতীয়

কোন শিক্ষা বোর্ডে পাসের হার কত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ও বোর্ডভিত্তিক পাসের হারের তথ্য তুলে ধরা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।

এ ছাড়া সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button