জাতীয়

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, গার্মেন্টস ও শপিং কমপ্লেক্সে ভাঙচুর

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে দিনভর অচল হয়ে পড়ে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন এলাকায় হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১সহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। শ্রমিকদের অবরোধের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানার আওতাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ এলাকা থেকে আসা শ্রমিকেরা গার্মেন্টসটিতে এবং পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান। ওই সময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান আন্দোলনকারীরা। পরে তাঁদের একটি অংশ মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুর চালান।

পুলিশ আরও জানায়, দুপুর আড়াইটার দিকে শ্রমিকেরা আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে চলে যান। তবে তাঁদের অবরোধ ও বিক্ষোভের কারণে দিনভর মিরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীরা সরে যাওয়ার পরও সড়কে যানজট থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button