আন্তর্জাতিকসৌদি আরব

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী। বুধবার (৪ নভেম্বর) চালানো এ হামলায় বিমানবন্দরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এখন অনিরাপদ। এ অবস্থায় আন্তর্জাতিক এয়ারলাইনস, বিমানকর্মী ও যাত্রীদের সৌদি আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে মক্কা ও মদিনার ওপরের আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্যান্য আকাশপথ এড়িয়ে চলার সতর্কবার্তা দেন।

এদিকে, রিয়াদ ও এর আশপাশে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর সৌদি আকাশসীমা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির জারি করা নির্দেশিকাও বহাল রয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় বুধবার পূর্বাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে অগ্রসর হয়েছে তাদের সামরিক বাহিনী।

তবে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল-জাউফের পূর্বাঞ্চলে সেনা সমাবেশ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।

এদিকে, ইয়েমেনে চলমান সংঘাতের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর ও আশপাশের এলাকায় সংঘাত এবং চলাচলে বিধিনিষেধের কারণে ১৩ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের মধ্যে প্রায় দেড় হাজার নারীর আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেওয়ার কথা।

সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button