
পর্যটন খাতের বিস্তার ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চার দেশের নাগরিকদের জন্য ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজ করেছে সৌদি আরব। নতুন এই সুবিধার আওতায় এখন থেকে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকরা সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
সৌদি আরবের পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের নাগরিকদের ভিসার জন্য আর দূতাবাসের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনেই মাল্টিপল-এন্ট্রি ই-ভিসার আবেদন করতে পারবেন তারা। চাইলে সৌদি আরবের যেকোনো বন্দর বা বিমানবন্দরে পৌঁছেও অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
নতুন এই ভিসা সুবিধার মাধ্যমে পর্যটনের পাশাপাশি পবিত্র ওমরাহ পালন, আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ভ্রমণকারীরা।
সংশ্লিষ্টদের মতে, সৌদি আরবের এই উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে।
তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও রয়েছে। এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে কোনো বেতনভুক্ত চাকরি বা কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও সরকারি হজ মৌসুমে এই ভিসায় ওমরাহ পালন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে নিয়ম অনুযায়ী জরিমানার মুখে পড়তে হতে পারে।
সূত্র: আরব নিউজ



