৪৯ বছর বয়সে জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে ডাচপ্রবাসী রাজিব
আয়নার সামনে দাঁড়ালে জানতে ইচ্ছা করে, আমি আসলে কার মতো হয়েছি—বাবার মতো, নাকি মায়ের মতো”

শৈশবে দত্তক হিসেবে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন রাজিব উদ্দিন। সেখানেই কেটেছে তার বেড়ে ওঠা ও জীবনের দীর্ঘ সময়। তবে ৪৯ বছর বয়সে এসেও নিজের জন্মদাতা মা-বাবার পরিচয় জানার আকাঙ্ক্ষা তাকে ফিরিয়ে এনেছে জন্মভূমিতে। গত ছয় বছর ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন নিজের শিকড়।
১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি এনজিওর মাধ্যমে বাংলাদেশ থেকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিবকে। এরপর সেখানেই বড় হয়েছেন তিনি। পেশায় সমাজকর্মী রাজিব গত ছয় বছরে ছয়বার বাংলাদেশে এসেছেন জন্মদাতা মা-বাবার সন্ধানে।
সর্বশেষ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাসপোর্টে উল্লেখ করা পেয়ারাকান্দি গ্রামের অবস্থান জানতে চান তিনি। কিন্তু গ্রামটির অবস্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কখনো এটি কুমিল্লা জেলার গ্রাম হিসেবে পাওয়া যাচ্ছে, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রাম হিসেবে শনাক্ত হচ্ছে।
রাজিবের পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। ঠিকানায় গ্রামের নাম লেখা হয়েছে পেয়ারাকান্দি। একসময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকা ওই অঞ্চল ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়। ফলে পাসপোর্টে দেওয়া ঠিকানার প্রকৃত অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পাসপোর্টে তার অস্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে বেবী হোমস, ঢাকা।
নিজের অনুভূতি জানাতে গিয়ে রাজিব উদ্দিন বলেন, “আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে নিজেকে একজন বিদেশি মনে হয়। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে। আয়নার সামনে দাঁড়ালে জানতে ইচ্ছা করে, আমি আসলে কার মতো হয়েছি—বাবার মতো, নাকি মায়ের মতো।”
জন্মদাতা মা-বাবার খোঁজে এর আগেও একটি গ্রামে গিয়ে নিজের পরিচয় দিয়েছিলেন রাজিব। তখন এক ব্যক্তি নিজেকে তার বাবা বলে দাবি করেন। কিন্তু পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষায় ওই ব্যক্তির সঙ্গে তার কোনো জৈবিক সম্পর্ক পাওয়া যায়নি। ফলে আবারও নতুন করে শুরু করতে হয়েছে তার অনুসন্ধান।
রাজিবের এই অনুসন্ধানে সঙ্গী হয়েছেন নেদারল্যান্ডস থেকে আসা বন্ধু সেলিনা গোমেজ। তিনিও বাংলাদেশে এসেছেন নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে। সেলিনার পাসপোর্টে কক্সবাজারের ঠিকানা উল্লেখ রয়েছে। সেই ঠিকানা ধরে তিনি সেখানে খোঁজও করেছেন। এবার রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন তিনি। পেশায় সেলিনা একজন গায়িকা।
নিজের অনুভূতি জানিয়ে সেলিনা বলেন, “আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে যারা আমাকে লালন-পালন করেছেন, তারা আছেন। তারপরও আমি জানতে চাই, আমার আসল বাবা-মা কে? আমি কিংবা রাজিব—আমাদের মধ্যে যে-ই নিজের বাবা-মাকে খুঁজে পাই না কেন, সেটাই হবে আমাদের সার্থকতা।”
রাজিব ও সেলিনাকে এ অনুসন্ধানে সহযোগিতা করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, পাসপোর্টে দেওয়া ঠিকানা অনুযায়ী তারা খোঁজ করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। দুজনের কেউ নিজের জন্মদাতা মা-বাবাকে খুঁজে পেলে তা সবার জন্যই আনন্দের হবে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করেন রাজিব। তিনি প্রশাসনের কাছে পাসপোর্টে উল্লেখ করা গ্রামের প্রকৃত অবস্থান শনাক্ত করার সহযোগিতা চান।
আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, রাজিব উদ্দিনের কাগজপত্র যাচাই করে পাসপোর্টে দেওয়া ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে তিনি ওই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। সেখানে তার বাবার বাড়ির সন্ধান পাওয়া গেলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা করবে।
জন্মভূমি থেকে হাজার মাইল দূরে বেড়ে ওঠা রাজিবের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া নিজের পরিচয়ের শিকড় খুঁজে পাওয়া। আর সেই খোঁজে বারবার বাংলাদেশে ফিরে আসছেন তিনি। একই আকাঙ্ক্ষা নিয়ে তার পাশে রয়েছেন সেলিনাও। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একদিন খুঁজে পাবেন জন্মদাতা মা-বাবাকে।



