
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ মালয়েশিয়া ২০২৬’-এর প্রথম আসর। টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিডি সুবাং এফসি। রানার্সআপ হয়েছে এসবি এফসি মালেক্কা এবং তৃতীয় স্থান অর্জন করেছে মাস্টার অন দ্য পিস।
গত রোববার ( ০৮ নভেম্বর ) সকাল থেকে দুটি পৃথক মাঠে শুরু হয় টুর্নামেন্টের খেলা। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিকেলে একটি মাঠে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব ও ফাইনাল। বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করেও খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে পুরো আয়োজন।
সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াই
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মাস্টার অন দ্য পিস ও বিডি সুবাং এফসি। ম্যাচের শুরুতেই শামীমের গোলে এগিয়ে যায় মাস্টার অন দ্য পিস। দ্বিতীয়ার্ধে সুবাং এফসির অধিনায়ক রাব্বি গোল করে সমতা ফেরান। ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাস্টার অন দ্য পিসের উজ্জ্বল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৪-… গোলে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় বিডি সুবাং এফসি।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বিডিএফসি মালয়েশিয়া ও এসবি এফসি মালেক্কা। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে ফাইনালে ওঠে এসবি এফসি মালেক্কা।
ব্যক্তিগত পুরস্কার
টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন—
সেরা খেলোয়াড়: রাব্বি খান (বিডি সুবাং এফসি)
সেরা গোলরক্ষক: আমজাদ খান (বিডি সুবাং এফসি)
সর্বোচ্চ গোলদাতা: আরাফাত (এসবি এফসি মালেক্কা)
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফিরোজ রব্বানী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিডিএফসির সভাপতি রাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি আজগর মিলন ও সোহাগ আহমদ, সহসভাপতি শাহজাহান আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিনিধি মাজারুল আলম, মো. ইব্রাহিম, ওমর ফারুকসহ আমন্ত্রিত অতিথিরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসের মাটিতে বড় পরিসরে এমন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা ছিল চ্যালেঞ্জিং। তবে আয়োজকদের নিরলস পরিশ্রম, ক্লাব ম্যানেজমেন্টের সহযোগিতা, স্পন্সরদের পৃষ্ঠপোষকতা এবং খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় টুর্নামেন্টের স্পন্সর, অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, অতিথি, স্বেচ্ছাসেবক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তাঁরা।



