প্রবাস

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক: প্রবাসীরা কী কী সেবা পাবেন, কীভাবে নেবেন?

বিদেশযাত্রা থেকে দেশে ফেরা—বিবিমানবন্দরে প্রবাসীদের পাশে রয়েছে বিশেষ সহায়তা কেন্দ্র; অসুস্থ ও মৃত কর্মীর পরিবহন, অভিযোগ গ্রহণ, কাগজপত্র যাচাইসহ নানা সুবিধা

বিদেশে যাওয়ার সময় কিংবা দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন বাংলাদেশি কর্মীরা। কারও প্রয়োজন ইমিগ্রেশন বা বোর্ডিংসংক্রান্ত তথ্য, কারও লাগেজ হারিয়ে যায়, আবার কেউ বিদেশ থেকে অসুস্থ বা নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরেন। এমন পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের সহায়তার জন্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে রয়েছে ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই ডেস্ক। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮-এর ৮(৫) ধারা অনুযায়ী বিমানবন্দরসহ প্রয়োজনীয় বহির্গমন ও প্রত্যাগমন স্থানে এই ডেস্ক স্থাপন ও পরিচালনার ব্যবস্থা রয়েছে। বিদেশগামী ও দেশে ফেরা অভিবাসী কর্মীদের কল্যাণ এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াই এর মূল উদ্দেশ্য।

প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে কী কী সেবা পাওয়া যায় ?

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ডেস্ক থেকে বিদেশগামী ও দেশে ফেরা কর্মীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—

১. বিদেশযাত্রার কাগজপত্র যাচাই ও দিকনির্দেশনা

চাকরির উদ্দেশ্যে বিদেশগামী কর্মীদের বিএমইটি (BMET) বহির্গমন ছাড়পত্র বা সংশ্লিষ্ট নিবন্ধনের তথ্য যাচাইয়ে সহায়তা করা হয়। পাসপোর্ট, ভিসা, বিএমইটি ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কোনো জটিলতা দেখা দিলে ডেস্কের কর্মকর্তাদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া যায়।

বিশেষ করে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় বিএমইটি ছাড়পত্র ছাড়া ভ্রমণের চেষ্টা করলে কর্মীকে সতর্ক করা হয়। বৈধ প্রক্রিয়ায় বিদেশযাত্রা নিশ্চিত করাই এ কার্যক্রমের উদ্দেশ্য।

২. ইমিগ্রেশন, বোর্ডিং ও কাস্টমসসংক্রান্ত সহযোগিতা

বিমানবন্দরে ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইনস, বোর্ডিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে তথ্য ও সহযোগিতা দেয় ডেস্কটি। প্রয়োজন অনুযায়ী ভিসা যাচাই, প্রয়োজনীয় নথির প্রিন্ট এবং বোর্ডিং কার্ড সংগ্রহের ক্ষেত্রেও সহায়তা করা হয়।

তবে মনে রাখতে হবে, ইমিগ্রেশন বা কাস্টমসের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রবাসী কল্যাণ ডেস্ক মূলত প্রয়োজনীয় তথ্য ও সমন্বয়মূলক সহযোগিতা দিয়ে থাকে।

৩. বিদেশ থেকে ফেরার পর অভিযোগ জানানোর সুযোগ

বিদেশে নির্যাতন, হয়রানি, প্রতারণা, বেতন না পাওয়া কিংবা নিয়োগকর্তার সঙ্গে বিরোধের কারণে দেশে ফিরতে হলে প্রবাসী কল্যাণ ডেস্কে অভিযোগ জানানো যায়। সংশ্লিষ্ট অভিযোগ গ্রহণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সহায়তা করা হয়।

বিদেশ থেকে ফেরার সময় কোনো কর্মী অসুস্থ, আহত কিংবা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

৪. অসুস্থ ও আহত প্রবাসীদের বিনা মূল্যে অ্যাম্বুলেন্স

বিদেশ থেকে দেশে ফেরা অসুস্থ বা আহত কর্মীদের বিমানবন্দর থেকে হাসপাতালে কিংবা প্রয়োজন অনুযায়ী গন্তব্যে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সহায়তা রয়েছে। মৃত প্রবাসী কর্মীর মরদেহ পরিবহনের ক্ষেত্রেও এই সেবা দেওয়া হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে পরিবারের আবেদনের ভিত্তিতে এই অ্যাম্বুলেন্স সেবা বিনা মূল্যে দেওয়া হয়।

৫. প্রবাসীর মরদেহ গ্রহণ ও পরিবারের কাছে হস্তান্তর

বিদেশে কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে মরদেহ দেশে আসার পর তা গ্রহণ এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করে প্রবাসী কল্যাণ ডেস্ক। মরদেহ পরিবহন ও দাফনসংক্রান্ত প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়।

এ ছাড়া মরদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ মৃত কর্মীর পরিবারকে ৩৫ হাজার টাকার চেক দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর এ সহায়তা দেওয়া হয়।

৬. সাময়িক অবস্থান ও লাউঞ্জ সুবিধা

বিদেশ থেকে অসুস্থ বা বিশেষ পরিস্থিতিতে ফেরা কর্মীদের প্রয়োজন অনুযায়ী সাময়িক অবস্থানের ব্যবস্থা করতে সহযোগিতা করে ডেস্ক। এ ক্ষেত্রে ওয়েজ আর্নার্স সেন্টারের সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া বিমানবন্দরে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও পাওয়া যায়।

৭. হারানো লাগেজ ও অন্যান্য সমস্যায় সহায়তা

দেশে ফেরার পর লাগেজ বা মালামাল হারিয়ে গেলে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে যোগাযোগের বিষয়ে সহযোগিতা পাওয়া যায়। কাস্টমস ক্লিয়ারেন্স বা অন্যান্য আনুষ্ঠানিকতায় সমস্যা হলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

৮. সৌদি আরবগামী কর্মীদের বিশেষ সহযোগিতা

সৌদি আরবে ছুটিতে এসে আবার কর্মস্থলে ফিরে যাওয়া কর্মীদের ক্ষেত্রে এক্সিট-রিএন্ট্রি ভিসা যাচাইসংক্রান্ত সহযোগিতা দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

প্রবাসীরা কীভাবে এই সেবা নেবেন?

প্রবাসী কল্যাণ ডেস্কের সেবা নিতে আলাদা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। সরাসরি বিমানবন্দরে অবস্থিত ডেস্কে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে।

বিদেশগামী কর্মীরা পাসপোর্ট, ভিসা, বিএমইটি বহির্গমন ছাড়পত্র বা সংশ্লিষ্ট নিবন্ধনের কাগজপত্র সঙ্গে রাখবেন। দেশে ফেরা কর্মীদের ক্ষেত্রে পাসপোর্ট, টিকিট, প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র এবং অভিযোগের পক্ষে থাকা প্রমাণপত্র সঙ্গে রাখা ভালো।

অসুস্থ বা আহত কর্মীর জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। মৃত কর্মীর মরদেহ পরিবহন ও দাফনসংক্রান্ত সহায়তার ক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজপত্রসহ ডেস্কে যোগাযোগ করতে হবে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকাশিত সেবাতথ্য অনুযায়ী, বিদেশগমন ও প্রত্যাবর্তনকালে ডেস্কের সাধারণ সহায়তা বিনা মূল্যে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স সেবাও বিনা মূল্যে। তাই এ ধরনের সেবার নামে কেউ টাকা দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক কোথায় পাবেন?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের অবস্থান সম্পর্কে বিমানবন্দরের যাত্রী নির্দেশিকায় বলা হয়েছে, ডিপারচার কনকোর্স হলের হেভি লাগেজ গেট নম্বর ৫-এর কাছাকাছি এবং ইমিগ্রেশন এলাকার বিপরীত পাশে এই ডেস্ক রয়েছে। মৃত প্রবাসীর মরদেহ গ্রহণসংক্রান্ত সহায়তার জন্য ইমপোর্ট কার্গো এলাকাতেও আলাদা যোগাযোগের ব্যবস্থা রয়েছে।

জরুরি যোগাযোগ

প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা:০২-৮৯০১০৪০
মোবাইল: ০১৯৭১-৪৩০২০৩
ই-মেইল: welfaredesk@gmail.com
প্রবাসী কল সেন্টার:১৬১৩৫ (বাংলাদেশ থেকে, টোল ফ্রি)
বিদেশ থেকে কল: +৮৮০৯৬১০১০২০৩০
হযরত শাহজালাল বিমানবন্দরের হটলাইন: ১৩৬০০ / ০৯৬১৪-০১৩৬০০

ডেস্কের সেবা কি শুধু ঢাকা বিমানবন্দরে?

না। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হচ্ছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে সংশ্লিষ্ট ডেস্কের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম ডেস্কের ফোন নম্বর ০২৩৩৩৩০০৯৫৭ এবং মোবাইল নম্বর ০১৯১২৫৪২১৮৫। সিলেট ডেস্কের মোবাইল নম্বর ০১৯৭৩-৮৯৮৩৭৫।

প্রবাসী কল্যাণ ডেস্কের সেবা মূলত বিদেশগামী ও দেশে ফেরা অভিবাসী কর্মীদের জন্য। তবে পাসপোর্ট, ইমিগ্রেশন, টিকিট কিংবা কাস্টমসের সব সমস্যার চূড়ান্ত সমাধান এই ডেস্ক দিতে পারে না; প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগে সহায়তা করে।

বিদেশে কর্মরত লাখো বাংলাদেশির যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিমানবন্দরের এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেবা সম্পর্কে পর্যাপ্ত প্রচার, সহজে ডেস্ক খুঁজে পাওয়া এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহযোগিতা নিশ্চিত করা জরুরি। প্রবাসীদেরও উচিত বিদেশযাত্রা কিংবা দেশে ফেরার সময় কোনো সমস্যায় পড়লে দালালের পরিবর্তে সরাসরি প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তা নেওয়া।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button