আন্তর্জাতিক

ইউরোপে আশ্রয় না পেলে যেতে হবে আফ্রিকায়!

ইউরোপে আশ্রয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হওয়া অভিবাসীদের জন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ৫ টি ইউরোপীয় দেশ। আশ্রয়ের আবেদন বাতিল হওয়ার পর আইনি লড়াইয়ের সব সুযোগ শেষ হয়ে গেলে এবং নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে তাঁদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছে জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।

এ লক্ষ্যে রুয়ান্ডায় একটি বিশেষ ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দেশগুলো। সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অভিবাসনবিষয়ক বৈঠকে এ পরিকল্পনা প্রকাশ করা হয়। তবে কেন্দ্রটির পরিচালনা, অর্থায়ন, অভিবাসীদের থাকার ব্যবস্থা ও আইনি সুরক্ষার বিষয়ে আলোচনা এখনো চলছে।

বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ২০২৭ সালে এই কেন্দ্রের কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে প্রতিষ্ঠিত প্রথম যৌথ প্রত্যাবাসন কেন্দ্র হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন এবং আপিলসহ সব আইনি সুযোগ শেষ করেছেন এমন অভিবাসীদের এই ব্যবস্থার আওতায় আনা হবে। বিশেষ করে যাঁদের নিজ দেশে ফেরত পাঠানো যাচ্ছে না, তাঁদের রুয়ান্ডার কেন্দ্রে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে এটি আশ্রয়ের আবেদন যাচাই বা নতুন করে শরণার্থী মর্যাদা দেওয়ার কেন্দ্র হবে না। ইউরোপে আশ্রয়প্রক্রিয়া শেষ হওয়ার পর যাঁদের সেখানে থাকার বৈধ অধিকার নেই, তাঁদের প্রত্যাবাসনের বিকল্প ব্যবস্থা হিসেবেই কেন্দ্রটি পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যেতে পারবেন, দেশটিতে নতুন করে বসবাস শুরু করতে পারবেন অথবা অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নিতে পারবেন যেখানে তাঁদের বসবাসের বৈধ অধিকার রয়েছে।

উদ্যোক্তা দেশগুলোর পরিকল্পনায় প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটিতে একসঙ্গে প্রায় ১০০ জন অভিবাসী রাখার কথা বলা হয়েছে। তবে বছরে কতজনকে সেখানে পাঠানো হবে, তা এখনো চূড়ান্ত নয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে এবং বছরে কয়েক শ মানুষকে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে।

কেন্দ্রে থাকা ব্যক্তিদের ভাষা শিক্ষা ও অন্যান্য প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথাও আলোচনায় রয়েছে। এর মাধ্যমে তাঁদের রুয়ান্ডার সমাজ ও কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, অবৈধ অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এটিকে ইউরোপের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ সৌদির সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল রিয়াদ!

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা জানিয়েছেন, যেসব অভিবাসীর ইউরোপের সংশ্লিষ্ট দেশগুলোতে থাকার বৈধ অধিকার নেই, তাঁদের নতুন করে জীবন শুরু করার সুযোগ দিতে চায় তাঁর দেশ।

রুয়ান্ডা এ ব্যবস্থার জন্য অর্থ দাবি করছে না বলে তিনি জানিয়েছেন। তবে অভিবাসীদের স্থানান্তর, থাকা এবং যাঁরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেবেন তাঁদের পুনর্বাসনের খরচ সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলো বহন করবে।

তবে কেন্দ্রটির পরিচালন ব্যয়, অর্থায়নের পূর্ণ কাঠামো এবং রুয়ান্ডা কী ধরনের সুবিধা পাবে এসব বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি।

ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত অভিবাসন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের বড় বিষয় হয়ে উঠেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা, আশ্রয়ের আবেদন এবং প্রত্যাখ্যাত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর জটিলতা মোকাবিলায় ইউরোপীয় সরকারগুলো দীর্ঘদিন ধরেই বিকল্প ব্যবস্থা খুঁজছে।

ইইউর নতুন প্রত্যাবাসন বিধিমালার আওতায় সদস্যদেশগুলো ইউরোপের বাইরে তৃতীয় কোনো দেশে প্রত্যাবাসন কেন্দ্র গড়ে তোলার সুযোগ পেয়েছে। ফলে ৫ দেশের এই উদ্যোগকে ইউরোপের অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসনবিরোধী ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বেড়েছে। অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমে রাজনৈতিক চাপ মোকাবিলার বিষয়টিও দেশগুলোর নীতিনির্ধারণে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

৫ দেশের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মানবাধিকার, শরণার্থী ও মানবিক সহায়তাবিষয়ক ৪৭টি সংগঠন। ১৬ নভেম্বর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা পরিকল্পনাটি বাতিলের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব মানুষের সঙ্গে রুয়ান্ডার কোনো সম্পর্ক নেই, তাঁদের সেখানে পাঠানোর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো অভিবাসীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব নিজেদের সীমান্তের বাইরে সরিয়ে দিচ্ছে।

এতে আশ্রয়প্রার্থীদের নির্যাতন, হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।

আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি), ডাচ কাউন্সিল ফর রিফিউজিসহ বিভিন্ন সংগঠন এ উদ্যোগের সমালোচনা করেছে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, অভিবাসন ঠেকানোর উদ্দেশ্যে এমন ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবে তা সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের আরও অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে।

ইউরোপের বাইরে প্রত্যাবাসন কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও সতর্ক অবস্থান জানিয়েছে। সংস্থাটির বক্তব্য, এ ধরনের ব্যবস্থা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শরণার্থী সুরক্ষার নীতিমালা মেনে পরিচালিত হতে হবে।

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের নেতৃত্বে দেশটি অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে অগ্রগতি অর্জন করেছে। ১৯৯৪ সালের গণহত্যার পর দেশ পুনর্গঠনে তাঁর ভূমিকার প্রশংসাও রয়েছে। তবে একই সঙ্গে তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমন, নির্বিচার আটক, নজরদারি ও আটক ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে রুয়ান্ডার বিরুদ্ধে, যদিও দেশটি এসব অভিযোগ অস্বীকার করে।

হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকায় সেখানে স্থানান্তরিত অভিবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কঠিন হতে পারে। ইউরোপীয় দেশগুলো অবশ্য দাবি করছে, পরিকল্পনাটি ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন মেনেই বাস্তবায়ন করা হবে।

এর আগে ২০২২ সালে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর একটি চুক্তি করেছিল। ওই পরিকল্পনায় যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবেদন রুয়ান্ডায় যাচাই করার কথা ছিল।

তবে ২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রায় দেয়, রুয়ান্ডাকে নিরাপদ তৃতীয় দেশ হিসেবে বিবেচনা করার মতো যথেষ্ট নিশ্চয়তা নেই।

সেখানে পাঠানো ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর মাধ্যমে নির্যাতন বা নিপীড়নের ঝুঁকি তৈরি হতে পারে। পরে ২০২৪ সালে নতুন সরকার পরিকল্পনাটি বাতিল করে।

বর্তমান ইউরোপীয় উদ্যোগটি যুক্তরাজ্যের আগের পরিকল্পনা থেকে আলাদা বলে দাবি করছে সংশ্লিষ্ট দেশগুলো। তাদের বক্তব্য, এবার আশ্রয়ের আবেদন প্রক্রিয়া রুয়ান্ডায় পরিচালিত হবে না বরং ইউরোপে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর যাঁদের থাকার অধিকার নেই, তাঁদের প্রত্যাবাসনের বিকল্প হিসেবে কেন্দ্রটি ব্যবহার করা হবে।

তবে নতুন পরিকল্পনাটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে ২০২৭ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য থাকলেও বাস্তবে কত দ্রুত অভিবাসীদের স্থানান্তর করা সম্ভব হবে, তা নির্ভর করছে চূড়ান্ত চুক্তি, আইনি সুরক্ষা এবং মানবাধিকারসংক্রান্ত শর্তের ওপর।

সূত্র: রয়টার্স, এএফপি।

 

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button