দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া পরিচালনার সন্দেহে ১৩ বাংলাদেশিসহ ৪১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নভেম্বরের শুরুতে রাজধানীর ৩ টি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স এসব অভিযান পরিচালনা করে। রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক। তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করেছেন কর্মকর্তারা।
লাওফাত্তানা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধ পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
অভিযানকালে বাড়িটি থেকে ৫৫টি মোবাইল ফোন ও ৪ টি ট্যাবলেট জব্দ করা হয়। সন্দেহভাজন কার্যক্রমে আরও কারা জড়িত ছিলেন, তা শনাক্ত করতে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা। এ ঘটনায় সম্ভাব্য সহযোগীদেরও খুঁজছেন তাঁরা।
অন্যদিকে, রাজধানীর সিসাত্তানাক জেলায় একটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। বাড়িটিতে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে সন্দেহ করছিলেন তদন্তকারীরা।
সেখানে অভিযান চালিয়ে ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বাড়ি থেকে ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ মরুভূমিতে পা দিতেই বিস্ফোরণ, কুয়েতে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
এদিকে, গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। এ সময় বাড়িটি থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
অভিযানে ওই বাড়ি থেকে ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা। সন্দেহভাজন সাইবার অপরাধ কার্যক্রম পরিচালনায় আটক ব্যক্তিদের ভূমিকা কী ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে ৩ টি বাড়িতে চালানো অভিযানকে পৃথক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের দলগুলোর মধ্যে কোনো যোগসূত্র ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া কথিত অপরাধের শিকার কারা, এতে আর্থিক ক্ষতির পরিমাণ কত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে এসব বিষয়ও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তাই তদন্ত শেষ হওয়ার আগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ।



