কুয়েতপ্রবাস

মরুভূমিতে পা দিতেই বিস্ফোরণ, কুয়েতে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী।

বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়েছে। কয়েক দশক আগে সংঘটিত যুদ্ধের অবিস্ফোরিত মাইন যে এখনো মরুভূমি এলাকায় কর্মরত মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে রয়েছে, এ ঘটনা আবারও তা সামনে এনেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশি ওই এলাকায় পশু চরানোর কাজ করতেন।

মরুভূমিতে চলাচলের সময় অসাবধানতাবশত তিনি মাটির নিচে লুকিয়ে থাকা একটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর পা রাখেন। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিস্ফোরণের সময় আশপাশে থাকা একটি উটও আঘাতপ্রাপ্ত হয়। পরে সেটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিস্ফোরণের খবর পাওয়ার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে বিস্ফোরকটি ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁর নির্দেশে নিহতের মরদেহ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

এদিকে বিস্ফোরিত মাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়।

পাশাপাশি ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও তদন্তে অংশ নেন।

ঘটনার বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মরুভূমিতে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও পরিবারের বিস্তারিত তথ্য দূতাবাসের হাতে পৌঁছায়নি।

নিহতের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে। মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কেও পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

১৯৯০ সালের ২ আগস্ট ইরাকি বাহিনী কুয়েত আক্রমণ করে। পরবর্তী যুদ্ধ ও দখলদারত্বের সময় দেশটির বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক স্থলমাইন, গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরক পুঁতে রাখা হয়।

১৯৯১ সালে কুয়েত স্বাধীন হওয়ার পর এসব বিস্ফোরক অপসারণে ব্যাপক কার্যক্রম চালানো হলেও মরুভূমি ও প্রত্যন্ত অঞ্চলে কিছু অবিস্ফোরিত মাইন এখনো রয়ে গেছে।

আরও পড়ুনঃ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ বন্দিকে ক্ষমা, মুক্তির তালিকায় প্রবাসীরাও

জাতিসংঘের মাইনবিষয়ক সংস্থা ইউএনমাসের (UNMAS) প্রকাশিত তথ্য অনুযায়ী, কুয়েতে প্রায় ২০ লাখ মাইন পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। এর মধ্যে প্রায় ১৬ লাখ ৫০ হাজার অপসারণ করা হয়েছে।

সংস্থাটির উদ্ধৃত হিসাব অনুযায়ী, আরও প্রায় ৩ লাখ ৫০ হাজার মাইন শনাক্ত ও ধ্বংস করা বাকি থাকতে পারে। মরুভূমির খোলা এলাকায় বালুর নিচে চাপা পড়ে থাকা এসব বিস্ফোরক এখনো ঝুঁকি তৈরি করছে।

ল্যান্ডমাইন মনিটরের ২০১৮ সালের কুয়েতবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯০ সালের আগস্ট থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে মাইন ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরকের কারণে অন্তত ১ হাজার ৪৮৬ জন হতাহত হয়েছেন।

তাঁদের মধ্যে ২৪০ জন নিহত এবং ১ হাজার ২৪৮ জন আহত হন। প্রতিবেদনে আরও বলা হয়, মরুভূমিতে কাজ করা অভিবাসী শ্রমিকদের মধ্যে দক্ষিণ এশীয় পশুপালকেরা বিশেষভাবে ঝুঁকিতে থাকেন। অনেক সময় তাঁরা বিস্ফোরকপূর্ণ এলাকার বিপদ সম্পর্কে অবগত থাকেন না।

কুয়েতের মরুভূমি অঞ্চলে পশু পালন, উট চরানো ও অন্যান্য কাজে নিয়োজিত অনেক অভিবাসী শ্রমিককে প্রত্যন্ত এলাকায় দীর্ঘ সময় অবস্থান করতে হয়।

এসব এলাকায় পুরোনো মাইন বা অবিস্ফোরিত গোলাবারুদ মাটির নিচে চাপা থাকলে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button