ইয়েমেনে বিমান হামলার পর সৌদিকে ভয়ংকর হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি।
নিহতদের মধ্যে ১১ শিশু ও ৭ নারী রয়েছেন। এসব হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
শুক্রবার (স্থানীয় সময়) হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। তবে হামলাগুলো ইয়েমেনের ঠিক কোন কোন এলাকায় হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আল-মাসিরাহর প্রকাশিত হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার এক বিবৃতিতে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, সৌদি আরবের জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জাজান বন্দরে হামলা চালিয়েছে তাদের বাহিনী।
তাঁর দাবি, এসব হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি ও নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হুতিদের এই দাবিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহইয়া সারি দাবি করেন, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের বিদ্যুৎকেন্দ্র, লোহিত সাগর উপকূলের মোখা শহর এবং হোদেইদা বন্দরে সৌদি হামলার জবাবে এসব পাল্টা আক্রমণ চালানো হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের বন্দর বা বিদ্যুৎ অবকাঠামোয় ভবিষ্যতে আরও হামলা হলে সৌদি আরবের একই ধরনের স্থাপনায় তাৎক্ষণিক পাল্টা আঘাত হানা হবে।
অন্যদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, জাজান অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
জোটের দাবি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হতাহতের সংখ্যা কিংবা স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানায়নি সৌদি নেতৃত্বাধীন জোট।
আরও পড়ুনঃ সৌদির সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল রিয়াদ!
সাম্প্রতিক এসব ঘটনা ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। বিভিন্ন যুদ্ধফ্রন্টে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
গত কয়েক দিনে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য কৌশলগত স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা।
অন্যদিকে, হুতিদের গণমাধ্যমগুলো ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকা ও অবকাঠামোয় সৌদি বিমান হামলা বেড়ে যাওয়ার খবর প্রকাশ করেছে।
২০১৪ সালের শেষ দিকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করে।
এরপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত, বিমান হামলা ও পাল্টা আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইয়েমেন। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বারবার সামনে এসেছে।
সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র, বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও মানবিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়তে পারে।



