প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় একযোগে ৩৪ কারখানায় হানা,বাংলাদেশিসহ ৫১৯ প্রবাসী আটক

মালয়েশিয়াজুড়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৩ দিনের বিশেষ অভিযানে ৩৪টি কারখানায় তল্লাশি চালিয়ে বাংলাদেশিসহ ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকেই আটক হয়েছেন ৫১ বাংলাদেশি।

গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়।

অভিযানে অংশ নেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ৫৬৯ জন কর্মকর্তা। তাঁদের সঙ্গে শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও সহযোগিতা করেন।

শনিবার (২১ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম *দ্য স্টার* ও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, জনসাধারণের অভিযোগ, গোয়েন্দা তথ্য ও নিয়মিত নজরদারির ভিত্তিতে এসব কারখানাকে অভিযানের জন্য চিহ্নিত করা হয়।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে বিদেশি কর্মীর উপস্থিতি বেশি, সেসব স্থানে অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।

আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। তাঁদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন, তাইওয়ানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক সবাইকে দেশটির ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে পুত্রাজায়ায় অবস্থিত অভিবাসন বিভাগের সদর দপ্তরের কর্মকর্তারা একটি পেরেক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালান।

সেখানে ১৩১ জন বিদেশি পুরুষ কর্মীর পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। তাঁদের মধ্যে ৭১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক।

মালয়েশিয়ার বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান, ভিসা বা পাসের অপব্যবহার এবং বৈধ পরিচয়পত্র না থাকার মতো অভিযোগ রয়েছে।

অভিযানের সময় কারখানার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে অপরিচ্ছন্ন ও অগোছালো পরিবেশের পাশাপাশি শ্রমিকদের থাকার জায়গায় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাবিধি না মানার বিষয়টি উঠে আসে।

এসব অনিয়মের বিষয়ে মালয়েশিয়ার শ্রম বিভাগও তদন্ত করছে।

এ অভিযানে শুধু বিদেশি কর্মীদের আটক করেই কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি মালয়েশিয়ার কর্তৃপক্ষ। বিদেশি কর্মীদের নিয়োগ, ব্যবস্থাপনা এবং তাঁদের অবৈধভাবে কাজে লাগানোর সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতেও তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ভূমধ্যসাগরে ৫৯ জন নিখোঁজ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন হবিগঞ্জের মাসুম

এ জন্য স্থানীয় নাগরিক, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে মোট ৪২টি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ বা সমন জারি করা হয়েছে। এসব নোটিশের মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মস্থলে ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়া হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ, তাঁদের আশ্রয় দেওয়া কিংবা অভিবাসন আইন লঙ্ঘনে সহযোগিতা করার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়।

এ সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬ হাজার ৪২৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। পাশাপাশি দুই হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সময়ে ৫২ হাজার ৭৪৩ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

লোকমান এফেন্দি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের পাশাপাশি তাঁদের নিয়োগ, আশ্রয় ও এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য এ অভিযান নতুন করে সতর্কবার্তা নিয়ে এসেছে। বিশেষ করে যাঁরা কাজের অনুমতি, পাসের মেয়াদ কিংবা নিয়োগকর্তা পরিবর্তনের নিয়ম সম্পর্কে নিশ্চিত নন, তাঁদের এসব বিষয় যাচাই করে চলা জরুরি।

কর্মীদের নিজের পাসপোর্ট, বৈধ ওয়ার্ক পারমিট এবং পরিচয়সংক্রান্ত কাগজপত্রের তথ্য হালনাগাদ রাখা উচিত। নিয়োগকর্তা পরিবর্তন, অনুমোদিত কাজের বাইরে অন্য প্রতিষ্ঠানে কাজ করা কিংবা পাসের শর্ত ভঙ্গের মতো বিষয় অভিবাসন জটিলতা তৈরি করতে পারে।

একই সঙ্গে কোনো কর্মীকে নিয়োগ দেওয়ার আগে তাঁর বৈধ অনুমতি ও কাজের শর্ত যাচাই করা নিয়োগকর্তারও দায়িত্ব। মালয়েশিয়ার সাম্প্রতিক অভিযানে কর্তৃপক্ষের বার্তা স্পষ্ট অভিবাসন আইন লঙ্ঘনের দায় শুধু বিদেশি কর্মীদের নয়, তাঁদের অবৈধভাবে নিয়োগ বা আশ্রয় দেওয়া ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনা হবে।

 

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button