মালয়েশিয়ায় পাঠানোর স্বপ্ন দেখিয়ে কক্সবাজারে ফেলে পালাল পাচারকারীরা!
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ অন্তত ৭২ জনকে সাগরপথে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারীদের বিরুদ্ধে।
পরে পাচারকারী ও ট্রলারের লোকজনের মধ্যে বিরোধের জেরে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে যাত্রীদের নামিয়ে রেখে পালিয়ে যায় তারা। সেখান থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা।
যৌথ অভিযানে ট্রলারে থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়। তবে বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ট্রলারে থাকা সন্দেহভাজন পাচারকারীরা লাফিয়ে পালিয়ে যায়।
ট্রলারটিতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৭২ জন যাত্রী ছিলেন। উদ্ধার হওয়া ২৮ জনের বাইরে অন্যরা তীরে নামার পর বিভিন্ন দিকে চলে গেছেন বলে কয়েকজন যাত্রীর বরাতে জানা গেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধার হওয়া লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি।
চার দিন আগে ট্রলারে তাদের যাত্রা শুরু হয়। তবে ট্রলার ছাড়ার পর থেকেই দালালরা তাদের ওপর নির্যাতন চালাতে শুরু করেন। পরিবারের কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্যও বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল।
অন্য যাত্রীদের বর্ণনায়, টেকনাফ উপকূল থেকে ছোট নৌকায় করে তাদের বড় ট্রলারে তোলা হয়েছিল। কয়েক দিন সাগরে থাকার পর ট্রলারের ১৭ জন চালক ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে যাত্রীদের নামিয়ে রেখে তারা পালিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারটি তীরে পৌঁছানোর পর পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ রয়েছেন কি না, তা যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ট্রলারে থাকা সব যাত্রীর পরিচয়, অন্যরা কোথায় গেছেন এবং পাচারকারী চক্রের সদস্য কারা এসব বিষয় তদন্তের আওতায় আসতে পারে।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় একযোগে ৩৪ কারখানায় হানা,বাংলাদেশিসহ ৫১৯ প্রবাসী আটক
কক্সবাজার-টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর নামে মানবপাচারের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে চাকরি বা বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে টেকনাফের পাহাড়ি এলাকায় আটকে রাখা, নির্যাতন এবং পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও সামনে এসেছে।
গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচার চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ৫৬ জনকে উদ্ধার করা হয়। ওই অভিযানে সশস্ত্র অপরাধীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। এ
র আগে ৭ নভেম্বর টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা থেকে নারী ও কিশোরসহ নয়জনকে উদ্ধার করে বিজিবি।
এ ছাড়া অক্টোবরের শুরুতে সেন্ট মার্টিনের কাছে মালয়েশিয়াগামী একটি নৌযান থেকে ৬৫ জনকে উদ্ধার করে নৌবাহিনী। ওই ঘটনায় মানবপাচার চক্রের সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করা হয়েছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ২০২৬ সালের মে-আগস্ট সময়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসন পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় ৫৯টি নৌযানে আনুমানিক ১ হাজার ৬৫৯ জন বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন।
বর্ষা মৌসুমে উত্তাল সমুদ্রের কারণে যাত্রা কমলেও নভেম্বর থেকে সমুদ্রপথে যাত্রার প্রবণতা আবার বাড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
মানবপাচারকারীরা সাধারণত বিদেশে চাকরি, কম খরচে মালয়েশিয়া পৌঁছে দেওয়া কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মানুষকে এ ধরনের যাত্রায় প্রলুব্ধ করে।
অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত অর্থ নেওয়ার পরও পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। কেউ কেউ অপহরণ ও জোরপূর্বক আটকে রাখার শিকার হন।
লাবণী পয়েন্টের এ ঘটনা আবারও দেখিয়েছে, বিদেশে যাওয়ার আশায় দালালদের হাতে অর্থ তুলে দিয়ে অনিরাপদ নৌযানে যাত্রা কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে নারী ও শিশুদের এমন ঝুঁকিপূর্ণ পথে নেওয়া তাদের জীবন ও নিরাপত্তাকে ভয়াবহ বিপদের মুখে ফেলে।



