আন্তর্জাতিকসৌদি আরব

সৌদি আরবের জাজান শোধনাগারে হুথি হামলায় নেপালি কর্মী নিহত

হামলায় আগুন ধরে যায়, বন্ধ হয় শোধনাগারের কয়েকটি কার্যক্রম

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান তেল শোধনাগারে হুথি বিদ্রোহীদের হামলায় এক নেপালি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় এবং কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শোধনাগারটিতে একটি ‘শত্রুপক্ষের আকাশপথে নিক্ষিপ্ত বস্তু’ আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয়। আহত কর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

হামলার পরপরই জরুরি ও কারিগরি দল ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে। জাজান শোধনাগারটি লোহিত সাগরের উপকূলে অবস্থিত এবং প্রতিদিন সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোট জানিয়েছে, হামলায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে তারা। ইয়েমেনের হোদেইদা বন্দরে ওই প্ল্যাটফর্মটি ছিল বলে দাবি করেছে জোট।

জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে হামলার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলার বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াইরত ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির পশ্চিম উপকূলের হোদেইদা বন্দর নিয়ন্ত্রণ করে।

এর আগের দিন বুধবার জাজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছিল জোট। একই দিন জেদ্দা ইসলামিক বন্দর ও সৌদি আরবের পশ্চিমাঞ্চলেও হামলার চেষ্টা করা হয় বলে দাবি করা হয়।

মঙ্গলবার রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুথিদের হামলায় ১১ জন আহত হন বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যেই জাজান শোধনাগারে সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button