জাতীয়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিলেন বাংলাদেশের স্পিকার

ইসলামাবাদে হাফিজ উদ্দিন আহমদকে সম্মান জানিয়ে নৈশভোজ; পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন ও বৃক্ষরোপণ করল বাংলাদেশি প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যরা এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

পরিদর্শনকালে পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে বাংলাদেশের স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় সরদার আয়াজ সাদিক হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদীয় আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে তাঁদের বিস্তারিত ধারণা দেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button