ইউরোপপ্রবাস

পর্তুগালের প্রেসিডেন্টের নজর কাড়ল বাংলাদেশ দূতাবাসের স্টল

লিসবনে ২৬তম আন্তর্জাতিক দাতব্য মেলায় দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও খাবার তুলে ধরল বাংলাদেশ; অংশ নেয় ৬৩ দেশের কূটনৈতিক মিশন

 

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক দাতব্য মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’-এ নজর কেড়েছে বাংলাদেশ দূতাবাসের স্টল। দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো স্টলটি পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী সামগ্রী ও সংস্কৃতির প্রশংসা করেছেন।

২০ ও ২১ নভেম্বর দুই দিনব্যাপী এ মেলা লিসবনের ‘সেন্ত্রো দে কংগ্রেসোস দে লিসবোয়া’য় অনুষ্ঠিত হয়। এতে ৬৩টি দেশের কূটনৈতিক মিশন অংশ নেয়। মেলায় বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি, দেশীয় কারুপণ্য এবং ঐতিহ্যবাহী খাবার তুলে ধরে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় ২০ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের স্টল পরিদর্শন করে সেখানে প্রদর্শিত ঐতিহ্যবাহী সামগ্রী ও সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করেন।

পর্তুগিজ কূটনীতিকদের পরিবারবর্গের সংগঠন ‘এএফডিপি’র উদ্যোগে আয়োজিত এ মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টল সাজানো হয় দেশীয় কারুপণ্য, ঐতিহ্যবাহী উপকরণ ও মুখরোচক বাঙালি খাবার দিয়ে। প্রেসিডেন্ট ছাড়াও পর্তুগিজ নাগরিক এবং বিভিন্ন দেশের দর্শনার্থীরা স্টলটি ঘুরে দেখেন ও বাংলাদেশের খাবারের স্বাদ নেন।

মেলায় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এবং পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০ ও ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। দাতব্য এ আয়োজন থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ পর্তুগালে মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করার কথা জানানো হয়।

দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের মতে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও এ আয়োজন ভূমিকা রাখে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button