জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দিতে পারবেন প্রবাসীরা? হাইকোর্টে রিট

জাতীয় সংসদ নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি উঠেছে।

এ অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন দুই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী এবং বিদেশে বসবাসকারী কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।

রোববার (২৯ নভেম্বর) এ রিট আবেদন দায়ের করা হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটের বিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আবেদনে মূলত দুটি বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রথমত, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার কারণ জানতে চাওয়া হয়েছে।

দ্বিতীয়ত, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকেরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারেন।

এ ছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি বা ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী।

আইনজীবী শিশির মনির বলেন, রিট আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের কার্যসূচি বিবেচনায় নিয়ে তিনি আশা করছেন, চলতি সপ্তাহেই মামলাটি শুনানির জন্য উঠতে পারে।

তিনি আরও বলেন, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের নাগরিক হয়েও বিদেশে বসবাসের কারণে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পারা গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধা।

তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৫৭ লাখ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। তাঁদের মধ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। তাঁদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটাধিকারও প্রয়োগ করেছেন।

আরও পড়ুনঃ ব্রুনেইয়ে দুই বাংলাদেশির কারাদণ্ড, একজনকে বেত্রাঘাতের সাজা

বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর আওতায় নির্ধারিত শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনাসংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালায় প্রবাসীদের জন্য একই ধরনের ডাকযোগে ভোটের ব্যবস্থা নেই। ফলে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা কিংবা সিটি করপোরেশন নির্বাচনে সেই সুযোগ পাচ্ছেন না।

এর আগে নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত খসড়া বিধিমালায়ও প্রবাসীদের ডাকযোগে ভোটের ব্যবস্থা রাখা হয়নি। কমিশনের পক্ষ থেকে এ ধরনের ভোটের ব্যয়, ব্যালট পাঠানো, সংগ্রহ এবং গণনার জটিলতার বিষয়টি তুলে ধরা হয়েছিল।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এর আগেও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। প্রবাসীদের যুক্তি, তাঁরা বিদেশে থাকলেও দেশের নিজ নিজ এলাকার সঙ্গে তাঁদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি করপোরেশনের সেবা ও উন্নয়ন কার্যক্রমের প্রভাব তাঁদের পরিবার ও সম্পত্তির ওপরও পড়ে।

তাই স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও তাঁদের মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত বলে মনে করেন তাঁরা।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button