
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন শূন্যরেখা এলাকায় প্রবেশ করেন।
পরে ভারতের স্থানীয় মাদক কারবারিরা কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করেন। তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করেন তাঁরা। পরে ওই দুই পুলিশ সদস্যকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিএসএফ সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান।
ওসি আরও জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।



