আন্তর্জাতিক

যুদ্ধ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাকিস্তান-কাতারের

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আজ মঙ্গলবার, ২০ অক্টোবর, প্রস্তাবটি দুই দেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তাবটিকে ‘মিডল গ্রাউন্ড প্রোপোজাল’ বা মধ্যপন্থী প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের দাবির পুরোটা পূরণ না হলেও দুই পক্ষের কিছু দাবি মেনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে। অন্যদিকে ইরানের দাবি, দেশটির জব্দ করা অর্থ ছাড়তে হবে। নতুন প্রস্তাবে দুই দেশের দাবির আংশিক সমাধানের পথ রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজ ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেন বলে দ্য নিউ আরবকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র।

এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই পক্ষের আলোচনা করার কথা ছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সেই উদ্যোগ ভেস্তে যায়।

দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রস্তাব অনুযায়ী, ইরান গোপনে এবং কোনো ঘোষণা ছাড়াই তার পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধিদের পর্যবেক্ষণের সুযোগ দেবে। অন্যদিকে কাতারে যুক্তরাষ্ট্রের জব্দ করে রাখা ৬ বিলিয়ন ডলারের সুদের অর্থ ইরানকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকার ও অন্যান্য জাহাজে ইরানের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার ইঙ্গিত দিয়ে আসছেন।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে দুই দেশের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। পাকিস্তান ও কাতারের নতুন প্রস্তাব সেই প্রচেষ্টারই অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button