নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে সানসেট পার্ক এলাকার ওই ভবনে আগুন লাগে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই)।
এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই দুই শতাধিক অগ্নিনির্বাপক ও জরুরি চিকিৎসাকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ শুরু করেন।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। আগুনের তীব্রতায় ভবনের ভেতরের সিঁড়িও ভেঙে পড়ে। এতে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরও পড়ুনঃ রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
এফডিএনওয়াই জানিয়েছে, আগুনের কবলে পড়া ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় ও বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে আরও চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ার পর বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়। তবে ওই ব্যাটারির সঙ্গে আগুন লাগার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বিবিসি



