আন্তর্জাতিকসৌদি আরব

যুদ্ধবিরতিতে সৌদির কাছে ৬ লাখ কোটি টাকা দাবি হুতিদের!

সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

যুদ্ধ বন্ধ করতে হলে সৌদি আরবকে ৫১ বিলিয়ন ডলার দিতে হবে বলে শর্ত দিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ লাখ ২৫ হাজার কোটি টাকা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুধু বিপুল অঙ্কের অর্থ দিলেই যুদ্ধবিরতিতে রাজি হবে না হুতিরা। পাশাপাশি ইয়েমেনের শাসক বা সরকার হিসেবে তাদের স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

হুতিদের দাবি, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবের বোমাবর্ষণ ও নৌ অবরোধে ইয়েমেনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবেই এই অর্থ চাওয়া হচ্ছে।

সৌদি আরবের পক্ষ থেকে হুতিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী ধরনের পদক্ষেপ নিলে লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা বন্ধ করবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। জবাবে হুতিরা এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে। তবে আলোচনার বিভিন্ন পর্যায়ে দাবির পরিমাণ পরিবর্তিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হুতিদের ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সৌদি আরবের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। কারণ, এর অর্থ হবে ইরান-সমর্থিত গোষ্ঠীটির রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণকে কার্যত মেনে নেওয়া।

যুদ্ধক্ষেত্রে শক্ত অবস্থান চান বিন সালমান

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখনই হুতিদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনায় যেতে আগ্রহী নন। বরং যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পর আলোচনায় বসতে চান তিনি।

তবে ইয়েমেনে নতুন করে সৌদি সেনা পাঠানো নিয়েও উদ্বেগ রয়েছে। কারণ, সেখানে নতুন করে সেনা মোতায়েন করলে সংঘাত আরও রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে এবং সৌদি আরবের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইয়েমেনে সৌদি আরবের কয়েকজন সেনা নিহত হলেও তাঁদের মৃত্যুর তথ্য প্রকাশ করেনি রিয়াদ। অন্যদিকে সৌদি কর্মকর্তাদের আশঙ্কা, হুতিদের দাবিমতো বিপুল অর্থ দেওয়া হলে ভবিষ্যতে অর্থ আদায়ের জন্য তারা আবারও উত্তেজনা বাড়াতে পারে।

মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

এদিকে, সৌদি আরবের পবিত্র নগরী মদিনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত চলে আসছে। দীর্ঘদিনের এই সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও ক্ষতিপূরণ, রাজনৈতিক স্বীকৃতি এবং কৌশলগত সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো বড় বাধা হয়ে রয়েছে।

সম্পর্কিত খবর

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button