ফিলিস্তিনিদের সমর্থনে নেদারল্যান্ডসের লাখো মানুষের বিক্ষোভ
‘গণহত্যা বন্ধ করো’ স্লোগানে মুখর আমস্টারডামের রাজপথ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে রাজপথে নেমেছেন লাখো মানুষ। গাজায় চলমান সহিংসতার প্রতিবাদ এবং ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে রোববার (৮ নভেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
লাল পোশাক ও স্কার্ফ পরে বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গণহত্যা বন্ধ করো’। আয়োজকদের দাবি, ‘রেড লাইন’ নামে এই কর্মসূচিতে প্রায় ২ লাখ মানুষ অংশ নেন। তাঁরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া ৩৩ বছর বয়সী রোবোটিকস প্রকৌশলী স্টিভেন আইজিঙ্গার এএফপিকে বলেন, ‘ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন।’ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই বিক্ষোভকারী নিজেকে ইহুদি পরিচয় দিয়ে বলেন, তাঁর পরিবারের সদস্যরাও ইসরায়েলে বসবাস করেন। এরপরও তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এবং গণহত্যার বিরোধিতা করতে বিক্ষোভে এসেছেন।
এদিকে গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফ্রান্স ও বেলজিয়ামের মতো কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও নেদারল্যান্ডস এখনো তা দেয়নি। দেশটির প্রধানমন্ত্রী রব জেটেন ২০২৫ সালে সংসদীয় প্রার্থী থাকাকালে একই ধরনের একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তবে শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, বর্তমান অবস্থানে তাঁর এ ধরনের বিক্ষোভে অংশ নেওয়া ‘অনুচিত’ হবে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নেদারল্যান্ডস সরকার। এর জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি বাতিল করেন।
এ ছাড়া ২০২৭ সালের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস। ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে বিতর্কিত পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনপিও এ সিদ্ধান্তের কথা জানায়।
সূত্র: এএফপি



