ওমানে প্রবাসী বাংলাদেশি কর্মীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য অর্থ কেটে নেওয়া হবে সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে নতুন ব্যবস্থায় কর্মীদের বেতন থেকে কোনো অর্থ কাটা হবে না। বরং নিয়োগকর্তাদের নিজস্ব তহবিল থেকে কর্মীদের মূল বেতনের নির্দিষ্ট অংশ জমা দেওয়া হবে নতুন প্রভিডেন্ট ফান্ডে।
২০২৭ সালের ১৯ জুলাই থেকে প্রবাসী কর্মীদের জন্য নতুন এই প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে চাকরি শেষে এককালীন গ্র্যাচুইটি দেওয়ার প্রচলিত ব্যবস্থার পরিবর্তে কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার সুযোগ তৈরি হবে।
নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগদাতা প্রতিষ্ঠান বা মালিকপক্ষ প্রতি মাসে কর্মীর মূল বেতনের ৯ শতাংশ অর্থ নিজেদের তহবিল থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা দেবে। অর্থাৎ এই অর্থ কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হবে না পুরো অবদান বহন করবে নিয়োগকর্তা।
প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে। ফলে চাকরি শেষে কর্মীরা দেশে ফেরার সময় শুধু তাঁদের নামে জমা হওয়া অর্থই পাবেন না, এর সঙ্গে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফাও যুক্ত হবে।
কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে জমা হওয়া অর্থ উত্তোলনের একাধিক পদ্ধতি রাখার কথা বলা হয়েছে। এককালীন অর্থ নেওয়ার পাশাপাশি মাসিক কিংবা বার্ষিক কিস্তিতেও অর্থ তোলার সুযোগ থাকবে।
নতুন ব্যবস্থা চালুর আগে কর্মীদের অর্জিত গ্র্যাচুইটির অর্থ নিয়েও উদ্বেগ রয়েছে। তবে নতুন আইনে আগের পাওনা সুরক্ষিত রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুনঃমালদ্বীপের মুদ্রা কামড়ে ছিঁড়ে বিপাকে বাংলাদেশি
এ ক্ষেত্রে নিয়োগকর্তারা চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী চাকরি শেষে কর্মীকে তাঁর আগের পাওনা বুঝিয়ে দিতে পারবেন। আবার নতুন প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু হওয়ার পর সরাসরি কর্মীর ব্যাংক হিসাবেও সেই অর্থ পাঠানো যাবে।
এ ছাড়া নিয়োগকর্তা চাইলে কর্মীর আগের গ্র্যাচুইটির অর্থ তাঁর নামে নতুন সোশ্যাল প্রটেকশন ফান্ডেও জমা করতে পারবেন।
নতুন ব্যবস্থার ফলে ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের চাকরিজীবন শেষে আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আসবে। বিশেষ করে নিয়োগকর্তার অর্থায়নে নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগের মুনাফা পাওয়ার সুযোগ কর্মীদের জন্য বাড়তি আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারে।




২টি মন্তব্য