হজযাত্রীদের জন্য সুখবর,বাংলাদেশিদের কোটা বাড়িয়ে দিল সৌদি আরব!
সৌদির সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
বাংলাদেশের বিশেষ অনুরোধে আগের বরাদ্দের সঙ্গে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা যুক্ত করেছে সৌদি আরব।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন। পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত হজযাত্রীর কোটা চাওয়া হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার জনের কোটা বরাদ্দ দেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি, কোটা বৃদ্ধি এবং হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মিনায় তাঁবুর সীমিত ধারণক্ষমতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
তবে কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। হজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
হজের কোটা বাড়ানো এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী।
আরও পড়ুনঃ ওমরাহ করতে চান বিনা খরচে? আবেদন করবেন যেভাবে
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তিতে আগামী বছরের জন্য সেই সংখ্যার তুলনায় ৫ হাজার বেশি হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



