আন্তর্জাতিক

সৌদি আরবের মদিনায় তেল পাইপলাইনে আবারও হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার ঘটনায় কেউ হতাহত হননি। একই সঙ্গে পাইপলাইনের কার্যক্রমেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী অতীতেও সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা, শোধনাগার ও জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দেশটির জ্বালানি সরবরাহব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের ইয়ানবু বন্দরে পৌঁছেছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় এই পাইপলাইনের গুরুত্ব আরও বেড়েছে। প্রণালিটি দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটলে সৌদি আরব বিকল্প পথে অপরিশোধিত তেল রপ্তানির সুযোগ পায়।

আরও পড়ুনঃ এবার ট্রেনেই যাওয়া যাবে সৌদি থেকে ওমান, চুক্তি করল ৬ দেশ

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলমান সংঘাতের কারণে তেল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ার পর সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। পরিমাণটি বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

সাম্প্রতিক সময়েও পাইপলাইনটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত সেপ্টেম্বর ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সে সময় সৌদি কর্তৃপক্ষ দাবি করেছিল, ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে বারবার হামলার ঘটনায় আন্তর্জাতিক তেলবাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার মধ্যে পাইপলাইনটির নিরাপত্তা ও নির্বিঘ্ন কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্যও গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button