
পরিবারের মুখে হাসি ফোটাতে ৩২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন বাহরাইনে। দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা ও কারাবাসের অভিজ্ঞতা শেষে অবশেষে দেশে ফিরেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম।
তবে দেশে ফিরলেও শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের পরিবারের পরিচয় ও যোগাযোগের তথ্য জানাতে পারছিলেন না ৫৩ বছর বয়সী এই নারী। পরে ব্র্যাকের সহযোগিতায় দীর্ঘ ৩২ বছর পর পরিবারের কাছে ফিরেছেন তিনি।
গত ১১ নভেম্বর দেশে ফেরার পর বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য লিলুফাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তাঁর ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক, জরুরি সামগ্রী ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
ব্র্যাক জানায়, মানসিক অসুস্থতার কারণে লিলুফার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কঠিন ছিল। দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জানা যায়, তাঁর বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সেই সূত্র ধরে ব্র্যাকের কর্মীরা তাঁর দুই বোনের সন্ধান পান। পরে রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান। দীর্ঘদিন পর অসুস্থ বোনকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
লিলুফার দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহার জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন লিলুফা। তবে প্রথম কয়েক বছর কোনো পারিশ্রমিক পাননি তিনি। পরে পরিবার জানতে পারে, বিদেশে পাঠানোর দালাল তাঁর উপার্জিত অর্থ আত্মসাৎ করতেন।
একপর্যায়ে ছোট ভাই বাহরাইনে গিয়ে লিলুফাকে খুঁজে বের করেন। এরপর ভাইয়ের সঙ্গে বসবাস শুরু করেন তিনি। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন লিলুফা।
দুই বোনের ভাষ্য, প্রায় ১৬ বছর আগে ছুটিতে একবার দেশে এসেছিলেন লিলুফা। পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। প্রায় তিন মাস আগে তাঁর ভাইয়ের মেয়ের বিয়ের সময় পরিবারের সদস্যরা লিলুফার খোঁজ জানতে চাইলে ভাই জানান, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাস থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ লিলুফাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয় তাঁকে।
শরিফুল হাসান আরও জানান, দেশে ফেরত পাঠানোর আগে দূতাবাস থেকে লিলুফার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।
তিনি বলেন, লিলুফাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা এবং পরবর্তী সময়ে কীভাবে পাশে থাকা যায়, তা নিয়ে ব্র্যাক কাজ করতে চায়। পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর বিদেশে কাটানো এই নারীর জীবনের শেষ পর্যায়ে এমন পরিণতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
শরিফুল হাসান বলেন, এ ধরনের অসহায় ও বিপর্যস্ত প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ সবার দাঁড়ানো উচিত। বিদেশ থেকে কেউ অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফিরলে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন সহায়তা পান, সে জন্য কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।



