সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা
সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়ার এক প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ৪০ বছর বয়সী ওই নারীর নাম এস্থার ওয়াঞ্জা মুথোনি। তাঁর সন্তানের বাবা মিসরের নাগরিক বলে জানা গেছে।
এস্থার সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। একটি পরিবারের শিশুদের দেখাশোনার দায়িত্বও পালন করতেন তিনি। সেখানে কাজ করার সময় মিসরের এক ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।
একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং পরে অন্তঃসত্ত্বা হন এস্থার। তবে সন্তানের জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর এস্থারের গর্ভধারণের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে তাঁর সন্তানের বয়স এক বছর।
সন্তানকে সঙ্গে নিয়ে একাধিকবার সৌদি আরব ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এস্থার। প্রতিবারই তাঁকে ফেরত পাঠানো হয়েছে।
গত মাসে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আতঙ্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি অত্যন্ত ভীত। আমার মনে হয় না চাবুকের আঘাতগুলো সহ্য করতে পারব।’
সন্তান জন্ম দেওয়ার পর যে সৌদি পরিবারে তিনি কাজ করতেন, তারা তাঁকে আর কাজে ফিরতে দেয়নি। ফলে বাসস্থান ও জীবিকা নিয়ে সংকটে পড়েন তিনি। একপর্যায়ে একটি পেট্রোল স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন।
সেখানে তাঁর মতো আরও কয়েকজন নারী সন্তানদের নিয়ে অবস্থান করছেন। তাঁদের সবারই লক্ষ্য নিজ দেশে ফিরে যাওয়া।
তবে এস্থারকে নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁর থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হওয়া অথবা নির্ধারিত বেত্রাঘাতের সাজা কার্যকর না হওয়া পর্যন্ত দেশে ফেরার সুযোগ নেই বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ১৫২ বছর পর যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে সাধারণত বাঁশের তৈরি লাঠি দিয়ে বেত্রাঘাত করা হয়। এ ধরনের শাস্তি কার্যকরের সময় নারীদের বসানো হয় এবং কাপড়ের ওপর দিয়ে আঘাত করা হয়।
এ ঘটনায় সৌদি আরবে কর্মরত অভিবাসী নারীদের নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং সন্তান জন্মের পর তাঁদের অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে সন্তান জন্ম দেওয়া অভিবাসী নারীদের আইনি জটিলতা ও নিজ দেশে ফেরার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।



